ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জানিয়েছেন, তিনি 'ব্যক্তিগতভাবে' ভোটের দিন মোবাইল ফোনের নেটওয়ার্ক চালু রাখার পক্ষে। তবে 'সব পক্ষের' মত নিয়ে কমিশন ২৭ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক চালু রাখা উচিৎ। এটা থাকা ভাল হবে। এতে মোবিলিটি (গতিশীলতা) অনেক বাড়ে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্র্নিং অফিসাররা সহজেই যোগাযোগ রাখতে পারেন।''
কমিশন এ ব্যাপারে বিভিন্ন মহলের মতামত পর্যালোচনা করছে জানিয়ে শামসুল হুদা বলেন, "একদল খুব জোরালোভাবে বলছে মোবাইল নেটওয়ার্ক চালু থাকুক। আর অন্যরা নেটওয়ার্ক বন্ধ রাখার পক্ষে। তবে গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও রাজনৈতিক দলগুলোরও মতামত আছে। সুতরাং সব কিছু মিলিয়েই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।"
কমিশনকে ২৭ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য করে সিইসি বলেন, "নেটওয়ার্ক বন্ধ করতে হলে একদিন আগেই বিষয়টি অপারেটরদের জানাতে হবে। সুতরাং ওই তারিখেই আমরা সিদ্ধান্ত জানাব।"
তিনি জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। সব সরঞ্জাম নির্বাচনী এলাকায় চলে গেছে। কেবল ব্যালট পেপার ও অন্যান্য কিছু সামগ্রী একসঙ্গে পাঠানো হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশে সিইসি বললেন, "এখন আর কমিশনে কোনও কাজ নেই। আপনারা যারা সংবাদ সংগ্রহ করতে চান, তারা ছড়িয়ে পড়ুন।"
পঞ্চগড়ে নির্বাচনী এলাকায় সরকারি কর্মী নিয়ে প্রচারণার জন্য স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শামসুল হুদা বলেন, "বিষয়টি আমি দেখেছি; স্পিকারের সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে।"
সিইসি আরও বলেন, "স্পিকারের প্রোটেকশনও গুরুত্বপূর্ণ। তবে আমরা বলেছি, তিনি যখন নির্বাচনী এলাকায় যান, তখন যেন সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার না করেন। নির্বাচনী এলাকার দ্বারপ্রান্তে গেলেই তিনি যেন সরকারি গাড়ি ছেড়ে দেন। তাছাড়া প্রচার চালানোর সময় কোনো সরকারি সুযোগ-সুবিধাও নিতে পারবেন না তিনি।"
এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, "৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গিয়ে আমরা অনেক চাপাচাপির মধ্যে পড়ে গেলাম। যে কারণে মনোনয়নপত্র বাতিলের আপিলগুলোও আমাদের দ্রুত শুনতে হল। সময় পেলে সুপ্রিম কোর্টের শুনানিতে অন্যরকম ফলাফল পেতাম। তা হলে ব্যালট পেপারও এতবার পরিবর্তন করতে হতো না। সবই হয়েছে সময়ের চাপে।"
কি পরিমাণ ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হচ্ছে জানতে চাইলে সিইসি বলেন, ''এই মুহূর্তে নির্দিষ্টভাবে বলা কঠিন। তবে ১৭টি আসনের ৩০ লাখ ব্যালট পেপার আবারও ছাপতে হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/২৩০২ঘ.
bdnews24