২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মূল প্রতিদ্বন্দ্বিতা মহাজোট ও চারদলের মধ্যে

নির্বাচনী প্রচারণায় সরগরম চট্টগ্রাম। ১৬টি আসনে ১৭টি দলের ৭৫ জন এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হ"েছ, ১২টি আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের মধ্যে মূল লড়াই হবে। বাকি চারটি আসনে এলডিপি ও স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভূত হতে পারেন। প্রার্থী, ভোটার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে বন্দরনগরীর নির্বাচনী হাওয়ার খবর দিচ্ছেন রুহুল আমীন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রুহুল আমীন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরো প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় সরগরম চট্টগ্রাম। জেলার ১৬টি আসনে এবার ১৭টি দলের ৭৫ জন এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে, ১২টি আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের মধ্যে মূল লড়াই হবে। বাকি চারটি আসনে এলডিপি ও স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভূত হতে পারেন। ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ১৩টি এবং আওয়ামী লীগ দুটিতে জয়ী হয়েছিল। এবার সীমানা পুনর্র্নিধারণের পর একটি আসন বেড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিভিন্ন দলের নেতাকর্মী ও ভোটারদের মত, চট্টগ্রাম-৯ (ডবলমুরিং), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) ও চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের অন্যদলের এবং বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। নগরীর ডবলমুরিং আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির যুগ্মমহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। অপরদিকে মহাজোটের প্রাথমিক মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ইব্রাহীম। তবে মহাজোট আসনটি উন্মুক্ত করে দেওয়ায় প্রার্থী হিসেবে রয়ে গেছেন আওয়ামী লীগের ডা. আফসারুল আমিন। আর আওয়ামী লীগ বা বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। নোমান এর আগে কোতোয়ালী আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এ আসনে এবারই প্রথম নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থী ডা. আফসারুল আমীন গত দুই নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর (এবার চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী) কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন। জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ও ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম এবার প্রথমবারের মতো এ আসনে নির্বাচন করছেন। এ দু'জন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেন বলে অনেকেই মনে করছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তি নয়- দলের মার্কা এ আসনে মূল প্রভাব ফেলবে। পরিবর্তনের পক্ষে এলাকাবাসী সোচ্চার হওয়ায় এবার নৌকার জয় হবে বলে আমি আশাবাদী।" বিএনপি'র আবদুল্লাহ আল নোমানকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন তিনি। মহাজোটের মনোনয়ন দাবিদার জাতীয় পার্টির মোরশেদ মুরাদ কিংবা ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম জয় পরাজয়ে অতটা গুরুত্বপূর্ণ হবে না বলে আফসারুল আমিন দাবি করেন। অন্যদিকে দুই প্রধান দলের প্রার্থীদের বাইরে এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখায় জনগণ তাকেই বেছে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম। শুক্রবার বিকেলে মুরাদপুরে নির্বাচনী সমাবেশ শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আসনে পাঁচ দলীয় প্রার্থীর বাইরে একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটাররা আমার পক্ষে রায় দেবে।" এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনটি ধরে রাখতে মরিয়া। তিনি পার্শ্ববর্তী চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনেও প্রার্থী হয়েছেন। এ দুটি আসনে কর্নেল অলির অবস্থান বেশ শক্ত। এ কারণে চন্দনাইশ ও সাতকানিয়ায় মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। কর্নেল অলির কারণে চন্দনাইশ এবং সাতকানিয়ায় মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থীদের সাথে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাবুল ও স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিনের মতো অনেকেই অভিমত ব্যক্ত করেন। চন্দনাইশে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন গত নির্বাচনে অলি আহমদের কাছে পরাজিত হন। এ আসনের চারদলের প্রার্থী বিএনপির অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবার প্রথম নির্বাচন করছেন। সাতকানিয়ায় অলি আহমদ গত নির্বাচনে জামায়াতের শাহজাহান চৌধুরীর কাছে হেরে যান। দণ্ডপ্রাপ্ত হওয়ায় জামায়াতের এ নেতা এবার নির্বাচন করতে পারছেন না। তার পরিবর্তে প্রার্থী হয়েছেন মহানগর জামায়াতের আমীর শামসুল ইসলাম। এ আসনে জামায়াতের একাধিপত্য থাকলেও কর্নেল অলি ও সিরাজুল ইসলাম শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে বলেন সাতকানিয়ার বাসিন্দা কামাল চৌধুরীসহ আরও অনেকে। এবারের নির্বাচনে চট্টগ্রামের দুটি আসন চট্টগ্রাম-৫ (রাউজান) এবং চট্টগ্রাম-৬ (রাঙ্গুনিয়া) এ প্রধান দুই জোটের বাইরে কোন প্রার্থী নেই। সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী রয়েছেন চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে। সর্বোচ্চ সাতটি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনে। এখানে তিন জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে বিএনপির সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের কোন্দলের কারণে। দল থেকে ডা. জামাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মিতা বিদ্রোহ করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। তরুণ আওয়ামী লীগ নেতা মিতা সাগরবেষ্টিত এ দ্বীপ এলাকায় চার দলীয় জোট ও মহাজোটের প্রার্থীদের মধ্যে ব্যবধান গড়ে তুলতে পারেন বলে অনেকেই মন্তব্য করেন। মিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আসনে তিনি বিএনপির সাবেক সাংসদকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে এলাকায় তার অবস্থান ভালো বলেন দাবি করেন মিতা। চট্টগ্রামের অন্য আসনগুলোতে মূলত মহাজোট ও চারদলীয় জোটের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ, এগুলোতে অন্য কোন দলের নামী দামী প্রার্থী কিংবা শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০১৯ঘ.