২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চল সফর শেষে খালেদা ঢাকায়

উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন খালেদা জিয়া। বিকালে রাজধানীতে পাঁচটি জনসভায় বক্তৃতা দেবেন তিনি। শনিবার গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 07:23 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন খালেদা জিয়া। বিকালে রাজধানীতে পাঁচটি জনসভায় বক্তৃতা দেবেন তিনি। শনিবার গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন। দুই দিনের নির্বাচনী সফরে বুধবার উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহীতে টানা প্রচার চালান তিনি। শুক্রবার সকালে নাটোরে জনসভা করে তিনি ঢাকায় ফেরেন। সফরকালে সারারাত ধরে জনসভা করেন খালেদা জিয়া। তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে চারদলীয় জোটকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান। শীতের মধ্যেও গভীর রাতের এসব জনসভায় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম (খালেদা) বিকালে রাজধানীর কয়েকটি আসনে নির্বাচনী জনসভা করবেন। বিকাল ৪টার পর কামরাঙ্গিরচর খোলামোড়া ঘাট সংলগ্ন বালুর মাঠে প্রথম জনসভাটি হবে।" এছাড়া অন্য যে জনসভায় খালেদা জিয়া বক্তব্য রাখবেন, সেগুলো হলো- কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় মাঠ, শ্যামপুর কদমতলী বালুর মাঠ, যাত্রাবাড়ি পার্ক ও ভিক্টোরিয়া পার্ক। বিএনপি চেয়ারপারসন শনিবার গাজীপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় জনসভা করবেন। গাজীপুরের কোনাবাড়ি, টাঙ্গাইলের বাসাইল, কালিহাতি, ঘাটাইল, গোপালপুর, মধুপুর এবং ময়মনসিংহের মুক্তাগাছা ও ত্রিশালে জনসভায় তার বক্তব্য রাখার কথা। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারে খাদ্যদ্রব্যের দাম কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন খালেদা জিয়া। মঙ্গাপ্রবণ ওই এলাকায় দারিদ্র্য নিরসনে বিশেষ কর্মসূচি নেওয়ার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, যমুনা ও তিস্তা তীরবর্তী এলাকায় নদী ভাঙন রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরাঞ্চলে গ্যাস সংযোগ দেওয়া এবং বেকারদের কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তিও দেন তিনি। খালেদা জিয়া গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান তিনি। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএম/এমআই/১৩২৫ ঘ.