২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকায় ভোট দিয়ে আধুনিক বাংলা গড়ার সুযোগ দিন: হাসিনা

নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আধুনিক বাংলা গড়ার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বুধবার নিজ এলাকা গোপালগঞ্জে এক জনসভায় তিনি এ আহ্বান জানান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী। তার সফরের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়িবহরের সঙ্গে আছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোপালগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আধুনিক বাংলা গড়ার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বুধবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক জনসভায় তিনি এ আহ্বান জানান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি গোপালগঞ্জে গণসংযোগ করেন। টুঙ্গিপাড়ায় রাত কাটিয়ে বৃহস্পতিবার তার বাগেরহাট ও খুলনা যাওয়ার কথা। হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন। বুধবার দুপুরের পর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে জনসভায় শেখ হাসিনা বলেন, "আমরা ২০২১ সালের মধ্যে আধুনিক বাংলাদেশ গড়তে চাই। ক্ষমতায় গেলে বিজ্ঞানসম্মত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আমরা। যে বাংলাদেশ হবে নিরক্ষরতামুক্ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল। "আমরা চাই, এক বিংশ শতকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক।" আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। অর্থনৈতিক মুক্তিও এনে দেবে।" আওয়ামী লীগ ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের সার ও বীজ পাওয়া নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন হাসিনা। তিনি বলেন, "আমরা খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করব, যেন কৃষক তা সহজে পায়। বীজ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য যেন কৃষক পায় তার ব্যবস্থাও নেওয়া হবে।" হাসিনা বলেন, "বিএনপি মনোপলি (একচেটিয়া) ব্যবসা চালিয়ে তাদের লোকদের লুটপাটের সুযোগ করে দিয়েছিল। আমরা তা হতে দেব না।" তিনি বলেন, "১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ সুখে ছিল। দ্রব্যমূল্য ছিল ক্রয়ক্ষমতার মধ্যে। কিন্তু ষড়যন্ত্র করে ২০০১ সালে আমাদের ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। তা এখন প্রমাণিত।" নিজের কারাজীবনের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "দীর্ঘদিন কারাগারে ছিলাম। কিন্তু আমার মন পড়ে ছিল, আপনাদের কাছে। আজীবন আপনাদের পাশে থাকব। প্রয়োজনে বাবার (বঙ্গবন্ধু) মতো রক্ত দেব।" জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ধর্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি শেখ কবির হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী খান আবু মিয়া, অ্যাডভোকেট সুভাস চন্দ্র জয়দার প্রমুখ। জনসভা শেষে হাসিনা পুনরায় টুঙ্গিপাড়া ফিরে আসেন। রাতে সেখানে কয়েকটি জেলার নেতাদের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্স করবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। কোটালীপাড়ার জনসভার আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। তিনি প্রতি উপজেলায় মহিলা কলেজ স্থাপন, বয়স্ক ও বিধবা ভাতা দ্বিগুণ, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোসহ বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্র"তি দেন। ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে নেমে পড়ার জন্য মহাজোটের শরিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "সারাদেশে নির্বাচনী প্রচারের জন্য হয়তো গোপালগঞ্জ আরা আসা হবে না। আপনাদের ওপরই আমার নির্বাচনের ভার দিয়ে গেলাম।" শেখ হাসিনা বরাবরের মতোই পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে সাংসদ প্রার্থী হয়েছেন। এছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। একই অঞ্চলে নির্বাচনী সফর করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও। আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১৭৪৫ ঘ.