রাজশাহী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আর প্রতিশ্র"তি নয়, রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য এবার কাজ দেখতে চায় রাজশাহীর মানুষ।"
সোমবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত 'রাজশাহীর উন্নয়ন: চাই সমন্বিত নাগরিক উদ্যোগ' শীর্ষক নাগরিক সংলাপে সংসদ নির্বাচনের কয়েকজন প্রার্থীসহ বিশিষ্টজনরা এ কথা বলেন।
সংলাপে বক্তাদের কাছ থেকে রাজশাহীর উন্নয়নে রাজনৈতিক ও সরকারি বৈষম্যমূলক সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা, উত্তরাঞ্চলের অনগ্রসরতা দূর করতে পৃথক মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ে বিশেষ সেল খোলা, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, রাজশাহীর টিভি এবং বিমানবন্দর চালুসহ ১৭ দফা সুপারিশ এসেছে।
মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, "এ যাবৎ রাজশাহীর যেসব উন্নয়ন হয়েছে, তা রাজশাহীবাসীর আন্দোলন-সংগ্রামের ফসল।"
নির্বাচিত হলে সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে অন্যসব অঞ্চলের মতো রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রেখে সঙ্কট উত্তোরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্র"তি দেন তিনি।
চারদলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, "উন্নয়নের বিষয়টি কেবল অনুধাবন করলে চলবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন সুনিশ্চিত করতে হবে।"
দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পদ্মার পানি বণ্টন সমস্যার গ্রহণযোগ্য নিষ্পত্তি, রাজশাহীতে ওয়াসা স্থাপন করে চলমান পানি সংকটের সমাধান এবং গ্যাস আসার পর কৃষি ভিত্তিক শিল্প-কলকারখানা স্থাপন ও সকল কাজে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্র"তি দেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী সরদার আমজাদ হোসেন রাজশাহীতে একটি সার কারখানা স্থাপন, বরেন্দ্র প্রকল্পের মতো কৃষিভিত্তিক বিশেষ প্রকল্প ও শিল্পনীতি প্রণয়ন, বাগমারাকে পৃথক তিনটি থানায় রূপান্তরের প্রস্তাব করেন এবং স্থানীয় রাজনীতিবিদদের পারস্পারিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর আহবান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজিত কুমার সরকার, অধ্যক্ষ কামরুজ্জামান, সমাজকর্মী আফজাল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ রাজশাহীর উন্নয়নে সুপারিশমূলক বক্তব্য রাখেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খানের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহ্ আজম শান্তনু। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রকৌশলী তাজুল ইসলাম, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কল্পনা রায় ও সংগ্রাম পরিষদের নেতা দেবাশীষ প্রামাণিক দেবু প্রমূখ।
সংলাপে আরও বক্তব্য রাখেন- সিপিবি'র কমরেড এনামুল হক, রাজশাহী-৬ আসনের বিকল্পধারার মাসকাওয়াথ আহসান ও জাসদের নুরুল ইসলাম মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24