২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যিকারের প্রাণের ছোঁয়া বইমেলাতে

যে রকম সমাগমের আশায় মুখিয়ে থাকেন লেখক-বই প্রকাশক, আর দর্শনার্থীরা উচ্ছ্বাসের মাঝেও 'বিরক্তির' ভান করে বলেন, 'ওফ বড্ড ভিড়'- শুক্রবারের বইমেলার পরিবেশটা ছিল ঠিক তেমনই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজরুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ ও রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মাহমুদ শরীফ ও রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা , ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে রকম সমাগমের আশায় মুখিয়ে থাকেন লেখক-বই প্রকাশক, আর দর্শনার্থীরা উচ্ছ্বাসের মাঝেও 'বিরক্তির' ভান করে বলেন, 'ওফ বড্ড ভিড়'- শুক্রবারের বইমেলার পরিবেশটা ছিল ঠিক তেমনই। অষ্টম দিনে পা রেখে যেন সত্যিকারের প্রাণের ছোঁয়া পেল বাঙালির গর্বের এই মেলা। অজস্র মানুষের সঙ্গে পদচারণার সঙ্গী হয়ে এদিন ফিরে এসেছে দাপুটে ধুলো। পানি ধারায় তাকে দাবানোর চেষ্টা হয়েছে। কিন্তু শেষ অবধি তা শুধু বিফল প্রচেষ্টা হয়েই থেকেছে। বইপ্রেমীরা ধুলোয় ধূসর হয়ে ছুটে বেড়ান এ স্টল থেকে সে স্টলে। বই কেনাও যে একটি উৎসব হতে পারে তার সব প্রমাণই ছিল শুক্রবার বাংলা একাডেমীর প্রিয় চত্তরে। কেবল বই কেনাই নয়, টুকরো নানান ঘটনা, কখনোবা সামান্য 'দুর্ঘটনাও' ছিল দিনভর। প্রিয় লেখকের সান্নিধ্য, বই কিনতে হুড়োহুড়ি বা ক্লান্তির মাঝে স্বস্তি খোঁজে গরম কফিতে চুমুক দিয়ে গান শোনা সবই ছিল বইমেলায়। ছিল চলার পথে পুরোনো দিনের প্রিয়জনদের হঠাৎ খুঁজে পাওয়ার আনন্দও। টিএসসির দিক থেকে বইমেলায় ঢোকার ফটক দিয়ে দিনভর স্রোতের মতো ঢুকেছেন বইপ্রেমীরা। ফটক পার হতেই অন্যপ্রকাশের সামনের গলিতে রীতিমতো 'সুলতানা বিবিয়ানা' খেলার ঢংয়ে লাইন ধরতে হয়েছে। দোয়েল চত্তরের দিক দিয়ে মেলায় ঢোকার ফটকের গলিতেও ছিল ঠিক এমনি গায়ে গা মেশানো ভিড়। কথা সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল মেলায় এসেছেন সস্ত্রীক। স্ত্রী ইয়াসমিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিএসসির দিক থেকে আসা সারিতে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম । তারপর মেলায় ঢুকতে পেরেছি।" মুহম্মদ জাফর ইকবাল মেলায় ঢুকেছেন ঠিক তিনটা পয়ত্রিশ মিনিটে। মুহূর্তে তাকে ঘিরে জটলা জমে যায় সব বয়সী ভক্ত পাঠকদের। তথ্য কেন্দ্রের সামনে তাকে কেন্দ্র করে অটোগ্রাফ শিকারীদের হট্টগোল-ধাক্কাধাক্কি এমন একপর্যায়ে গেল- যাকে এককথায় ছোটখাটো 'যুদ্ধই' বলা যেতে পারে। অটোগ্রাফ দেওয়ার ফাঁকে ফাঁকে জাফর ইকবালকে বর্ধমান ভবনের ছাদে ওৎ পাতা আলোকচিত্রিদের অনুরোধে সাড়া দিতে বারবার উপরেও তাকাতে হয়েছে। ভালোবাসার পরীক্ষায় 'অসহায়' জাফর ইকবালকে পরিস্থিতি সামলাতে বারবারই ভক্তদের উদ্দেশে বলতে েিহচ্ছল, "আপনারা ধৈর্য ধরুন, আমিও আপনাদের সঙ্গে ধৈর্য ধরছি। আসুন আমরা সবাই আজ ধৈর্যের পরীক্ষা দেই।" তবে লেখরে মৃদুভাষণ 'রণাঙ্গণের' বেশিরভাগ মানুষের কানে শেষতক আর পৌছায়নি। ধাক্কাধাক্কিতে পরিবেশ যখন অসহনীয় তখন সময় প্রকাশনীর ফরিদ আহমদ প্রায় ছো মেরে জাফর ইকবালকে উদ্ধার করেন। সন্ধ্যায় অন্যপ্রকাশের কর্মীরা বই নিয়ে স্টলে ঢুকতে গেলে ক্রেতাদের ধাক্কায় বেশ কয়েকটি বই পড়ে যায়। সুযোগসন্ধানী কেউ কেউ দু একটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে দু'পক্ষের সামান্য বচসা হয়। তবে এই নিয়ে হট্টগোল শেষ পর্যন্ত বেশি দূর আর এগোয়নি। মেলাতে কেবল লেখকরাই জনপ্রিয় নন, তার প্রমাণও মিলেছে শুক্রবার। শহুরে জীবনে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এক রেডিও জকি মেলায় আসবেন- এই খবরে দুপুরের পর থেকেই ভিড় জমে মেলার একটি রেডিও স্টলে। সন্ধ্যার দিকে যখন তিনি এলেন, স্টলের আশপাশে ভক্তদের হুড়োহুড়িটা তখন কম ছিল না। তবে এই 'বিড়ম্বনা'য় খুশি হতে পারেননি কাছেই থাকা লিটল ম্যাগ চত্বরের কর্মীরা। হট্টগোলে বিক্রিবাট্টা শিকেয় ওঠায় একপর্যায়ে তারা প্রায় তেড়েই আসেন 'জনপ্রিয় সেই রেডিও জকির' দিকে। বিব্রতকর এই ঘটনায় পুলিশের উপস্থিতিতে রেডিও কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে। তবে লিটল ম্যাগাজিনের লেখকরা ক্ষোভের সঙ্গে বলে যান, 'এ অনাচার' চলতে থাকলে প্রয়োজনে স্টল ভেঙে দিতেও পিছ পা হবেন না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/আরবি/এসএনডি/২০০৭ ঘ.