জলবায়ু বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ কাজ করে যাবে।
পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি আমাদের অংশীদারত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।”
এ সময় রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ কাজ করে যাবে।
“আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উভয় দেশের জন্য আরও জলবায়ু-সহনশীল ভবিষ্যত গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব।”
রাষ্ট্রদূত হাস এবং পরিবেশমন্ত্রী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।
