২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে ফের সন্ত্রাস করলে রেহাই নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 06:23 PM

Updated : 14 Oct 2023, 06:32 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩-১৪ সালের মত ‘জ্বালাও পোড়াও ও সন্ত্রাসবাদ’ হলে সরকার সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সরকারপ্রধানের এই সতর্কবার্তা আসে।

অনুষ্ঠানে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত জোটের সে সময়ের কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষের ওপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না।" 

আন্দোলনে সরকারের ‘কোনো আপত্তি নেই’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কিন্তু তাদের আন্দোলন হল সন্ত্রাসবাদ আর অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করা। এর আগে ২৯ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না।"

২০১৩-১৪ সালের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “বিএনপি-জামায়াত জোট যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে জনগণকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় গুরুতরভাবে দগ্ধরা অমানবিক জীবনযাপন করছে।“

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের কথা বলা বিএনপির ‘শোভা পায় না’ কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ‘ধোঁকাবাজি খেলেছে’।

১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারিতে নির্বাচন করে বিএনপির ক্ষমতায় আসা এবং দেড়মাসের মাথায় দলটির ক্ষমতাচ্যুত হওয়ার ইতিহাসও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “দেশের জনগণ কখনোই ভোট কারচুপিকারীদের ক্ষমতায় বসতে দেয় না। “

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “তার সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে। স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছে এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছে।“

খালেদা জিয়াবে বিদেশে পাঠানোর প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের কিছুই করার নেই।

“আইন অনুযায়ী যা করা সম্ভব তাই করা হচ্ছে। অনেকেই এখন যুক্তি দিচ্ছেন, আইন নিজের গতিতে চললেও নাকি খালেদা জিয়ার প্রতি আমি বেশি সহানুভূতি দেখাতে পারি।“

খালেদা জিয়ার ছোট আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার বাড়ির গেইট থেকে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তারা কীভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে!"

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের পটভূমিতে খাদ্য নির্ভরশীলতা কমাতে জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য তাগিদ দেন।

বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনাও অনুষ্ঠানে তুলে ধরেন সরকারপ্রধান।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন। সংবাদসূত্র: বাসস

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: সেটির ফেইসবুক লিংক