লুটপাটের জন্যই দেশে এই সংকট: মির্জা আব্বাস
ঈদের পর আন্দোলন, বললেন বিএনপির এই নেতা।
সরকারের ‘দুর্নীতি ও লুটপাটের কারণে’ দেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে বৃহস্পতিবার ঈদের দিন সকালে ফুল দিয়ে তিনি বলেন, “এদেশে উন্নয়ন শুরু করেছিলেন জিয়াউর রহমান এবং এই উন্নয়নের শেষ নাই। আজকে যে উন্নয়ন হচ্ছে, এটাকে উন্নয়ন ঠিক বলা যাবে না; এটা হলো প্রজেক্ট, টাকা পাচারের প্রজেক্ট।
“যে কারণে আজকে দেশে ডলার সংকট, অর্থের সংকট, খাদ্যপণ্যের সংকট…যত ক্রাসিস আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র সরকারের দুর্নীতি ও লুটপাটের জন্য। যেভাবে লুটপাট হয়েছে এটা জনগণ জানে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় সবকিছু।”
সংকটের পরিস্থিতিতে পতনের আশঙ্কায় সরকার দমন-পীড়ন বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
“এই সরকার যে চলে যাবে, এই সরকারের যে পতন ঘটবে, এটা আশঙ্কা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অত্যাচার-জুলুম বাড়িয়ে দিয়েছে। আমি আশা করব, এই কাজ সরকার আর করবে না।
“একইসঙ্গে বলতে চাই, তারা যতই জুলুম করুক, যতই অত্যাচার করুক, এই সরকারের টিকে থাকার আর কোনো সম্ভাবনা নাই।”
সকাল সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়াপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।
প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় তারা মোনাজাতেও অংশ নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন মির্জা আব্বাস।
‘সেই ঈদ নেই’
জনগণ ঈদ কেমন কাটাচ্ছে, এমন প্রশ্নে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, “আপনারা কি কথা বলতে পারেন, আপনারা আজকে বলতে পারেন গত ১৫ বছর আগে যেভাবে ঈদ করেছিলেন, দ্রব্যমূল্য যে অবস্থায় ছিল, আজকে কি সেই অবস্থায় আছে? আমার এই প্রশ্ন সাংবাদিকদের কাছে রইল, দেশবাসীর কাছে রইল। আজকে সেই অবস্থায় নাই।
“তবে হ্যাঁ যদি আগের অবস্থানে ফিরে যেতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মালিকানা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। মালিক কারা? এদেশের জনগণ।”
ঈদের পর ফের আন্দোলন
বিএনপির আন্দোলন-সংগ্রাম থেমে নেই জানিয়ে মির্জা আব্বাস বলেন, “ঈদের জন্য কিছুটা স্তিমিত হতে পারে, ঈদের পরে আমাদের জাতীয় যে দাবি, জনগণের যে দাবি, তা আদায়ের জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
“যে গণতন্ত্র হাইজ্যাক হয়ে গেছে, যে গণতন্ত্র ডাকাতি হয়ে গেছে, সেই গণতন্ত্রকে ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার করব। জনগণ ইতোমধ্যে আমাদেরকে সমর্থন দিয়েছে। আমাদের আন্দোলনে-মিছিল-মিটিংয়ে জনগণ সমর্থন দিচ্ছে।’’
বিএনপির কারাবন্দি নেতাদের স্মরণ করে তাদের পরিবার-পরিজনকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।
আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অনুসরণ করছেন।
সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্ত আছেন। বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন। এবারও ঈদের দিন রাত সাড়ে ৮টায় তারা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও যুব দলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, তাঁতী দলের আবুল কালাম আজাদ ও উলামা দলের শাহ নেসারুল হক বনানীতে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফার রহমান কোকোর কবর জিয়ারত করেন।
