এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না যেসব বাহন
এই সড়কে বাসও চলবে, তবে পথের মধ্যে থামানোর কোনো সুযোগ নেই।
অবশেষে যান চলাচলের জন্য খুলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ; এই সড়কে যেসব বাহন চলতে পারবে ইতোমধ্যে সেগুলোর টোলও নির্ধারণ করে দিয়েছে সরকার।
চার ক্যাটাগরিতে টোল নির্ধারণ করা হলেও সেই তালিকায় নেই মোটর সাইকেল ও অটোরিকশার মত দুই-তিন চাকার বাহন।
এ প্রকল্পের সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জুনায়েদ জানিয়েছেন, নির্দিষ্ট তালিকার বাইরে কোনোকিছু চলতে পারবে না। যেমন- মোটর সাইকেল ও অটোরিকশা চলাচল করতে পারবে না এক্সপ্রেসওয়েতে; পায়ে হেঁটেও যাওয়া যাবে না।
২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের ওই অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে এই উড়াল পথ উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে জুনায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস চলাচল করলেও পথের মধ্যে থামানোর কোনো সুযোগ নেই।”
এই সড়কে প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, ১৬ সিটের কম মাইক্রোবাস, তিন টনের কম হালকা ট্রাক, ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাক এবং ছয় চাকার বেশি ট্রাকও চলাচল করতে পারবে।
গত ২০ অগাস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বাহনের টোলের হার ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যান চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দিন থেকেই এই টোল কার্যকর হবে।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ পর্যন্ত যত অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে, তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ উড়ালসড়কের দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।
মূল উড়ালসড়কে ওঠানামার জন্য ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র্যাম্প থাকবে। র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। ২০১১ সালে হাতে নেওয়া এ প্রকল্প চালু হওয়ার কথা ছিল ২০১৩ সালে। তবে নানা জটিলতায় প্রায় এক যুগ পিছিয়েছে নির্মাণ কাজ।
প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ২ হাজার ৪১৩ কো ৮৪ লাখ টাকা। বাকি টাকা দেবে নির্মাতা থাইল্যান্ড ও চীনের তিন কোম্পানি।
আরও পড়ুন-
