২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কোন বাহনের টোল কত, জানালেন মন্ত্রী

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনুমোদিত যানবাহনগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করে টোল নির্ধারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 02:12 PM

Updated : 20 Aug 2023, 03:41 PM

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ খুলছে আগামী ২ সেপ্টেম্বর; এই পথের যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল নির্ধারণ করেছে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই টোলের হার ঘোষণা করেন।

  • শ্রেণি-১: প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল’, ১৬ সিটের কম মাইক্রোবাস এবং তিন টনের কম হালকা ট্রাকের ক্ষেত্রে টোল দিতে হবে ৮০ টাকা।

  • শ্রেণি-২: ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের টোল ৩২০ টাকা।

  • শ্রেণি-৩: ছয় চাকার বেশি ট্রাকের টোল ৪০০ টাকা।

  • শ্রেণি-৪: ১৬ বা তার বেশি আসনের সব ধরনের বাসের টোল ১৬০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের এই অংশ উদ্বোধন করবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই পথের যে কোনো স্থানে ওঠানামার জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি ও টোল হার নির্ধারণ করা হয়েছে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ পর্যন্ত যত অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে, তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ উড়ালসড়কের দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

মূল উড়ালসড়কে ওঠানামার জন্য ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‌্যাম্প থাকবে। র‌্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। ২০১১ সালে হাতে নেওয়া এ প্রকল্প চালু হওয়ার কথা ছিল ২০১৩ সালে। তবে নানা জটিলতায় প্রায় এক যুগ পিছিয়েছে নির্মাণ কাজ।

প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ২ হাজার ৪১৩ কো ৮৪ লাখ টাকা। বাকি টাকা দেবে নির্মাতা থাইল্যান্ড ও চীনের তিন কোম্পানি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন উপলক্ষে শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকবেন।

এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে তৈরি করা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে ২৮ অক্টোবর আনোয়ারায়, এমআরটি লাইন-৫ নর্দান রুটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সাভারে এবং মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে ২০ অক্টোবর বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে এগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এমআরটি লাইন-৫ এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল পথ নির্মাণ করা হবে; এর মধ্যে ১৩ দশমিক ১৩ কিলোমিটার পাতাল রেল এবং ৬ দশমিক ৫ কিলোমিটার উড়াল।

Image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ২২ অক্টোবর তেজগাঁওয়ের নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী ১৪০টি সেতু ও ১২টি ওভারপাসও ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

“ওই দিন যানবাহনের ফিটনেস, যেটা একটা সংকটের মধ্যে ছিল, সেটা ভেহিকেল ইন্সপেকশন স্টোর, যেটি কোরিয়া নির্মাণ করেছে সেটিরও উদ্বোধন করা হবে। নিরাপদ সড়ক দিবসের আনুষ্ঠানিকতাও সড়ক ভবনে পালন করা হবে।”

একই দিনে সরকারপ্রধান সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন জানিয়ে কাদের বলেন, নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে ৩ লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।

“ক্ষতিপূরণের টাকা পেতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের আবেদন করতে হবে। যখন থেকে এ সংক্রান্ত বিধিমালা কার্যকর করা হয়েছে, তখন থেকে এটি কার্যকর হবে।”

নির্বাচন সামনে রেখে তড়িঘড়ি এসব প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের কাদের বলেন, “কেন অমন কথা? এলিভেটেড তেজগাঁও পর্যন্ত হচ্ছে, মানুষকে আমরা সুযোগ-সুবিধা দিচ্ছি। এটাকে এভাবে ফেলে রাখব আমরা?

“একটা ফেইজ হয়ে গেছে করছি, আগারগাঁও পর্যন্ত হয়েছে, তখন তো ইলেকশন ছিল না। এখন তো মতিঝিল পর্যন্ত আসবে, এটি আরও বিরাট অগ্রগতি। ইলেকশনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই।”

কাদের বলেন, “টানেল আমাদের শেষই হয়ে গেছে। আপনি কি বলেন ইলেকশনের পর পর্যন্ত আমরা রেখে দেব, কেন? ১৪০টি সেতু হয়ে গেছে, এটা কেন আমরা এখন উদ্বোধন করব না। আমরা তো কাজ করে ফেলেছি। এগুলো তো ভিত্তিপ্রস্তর না।”