২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ বিচারব্যবস্থা গড়তে উন্নয়ন সহযোগীরা গুরুত্বপূর্ণ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির রোডম্যাপ বাস্তবায়নে সারা দেশে একাধিক সেমিনার হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 07:45 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

দক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গড়ে তুলতে ‘উন্নয়ন সহযোগীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতি বলেন, “সর্বোচ্চ আদালত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে, যেন বিচার বিভাগের কাঙ্খিত পরিবর্তন বাস্তব রূপ লাভ করতে পারে।

“আমি বিশ্বাস করি সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে মানুষের কাছে আরও সহজলভ্য, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব।“

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে ‘জুডিসিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড ইফিসিয়েয়েন্সি’ শিরোনামে সেমিনার হয়। 

সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে আঞ্চলিক এসব সেমিনার হয়। ঢাকা ও বরিশালে এ সংক্রান্ত আরো দুটি সেমিনার হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির রোডম্যাপে সংহতি জানিয়ে এসব সেমিনারে যুক্তরাজ্য ও সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।

“সেমিনারে তারা প্রধান বিচারপতির রোডম্যাপের সঙ্গে একাত্মতা জানান এবং বিচার বিভাগের আধুনিকায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।”