২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সেরা বাংলাবিদ' কে হচ্ছেন? দেখা যাবে সন্ধ্যায়

চ্যানেল আইয়ের পর্দায় এই অনুষ্ঠান সরাসরি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।

'সেরা বাংলাবিদ' কে হচ্ছেন? দেখা যাবে সন্ধ্যায়
সেরা ৬ বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা। ইস্পাহানি মির্জাপুরের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 10:06 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

দেশজুড়ে দীর্ঘ ১০ মাস ধরে বাছাইপর্ব এবং স্টুডিও পর্ব শেষে সেরা ছয়জন বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা।  

শুক্রবার সেখান থেকেই একজন সেরা বাংলাবিদকে চূড়ান্ত করা হবে এবং তিনি পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসব। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই আসর সরাসরি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। 

পাশাপাশি লাইভ দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর ফেসবুক পেজে।

দেশজুড়ে ৯টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেওয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে।

চূড়ান্ত পর্যায়ের সেরা ৬ বাংলাবিদ হলেন বরিশালের আদিবা মহসিন, সিলেটের প্রিয়ন্তি দাশ প্রান্তি, চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী, খুলনার সানিয়ান শুভ্র বিশ্বাস, ঢাকার রিফা তাসনিয়া, চট্টগ্রামের অভিষেক দাশ। যারা লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

মহোৎসবের সেরা ৬ বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নেবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাচ্ছেন একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকার বাংলা বই ও বইয়ের আলমারি।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শাণিত করা এবং বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে প্রচার হয়ে আসছে প্রতিযোগিতাটি।