ঢাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারীর মৃত্যু
ইসিবি চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে তার সঙ্গে থাকা এক শিশু।
ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে এক শিশু।
শুক্রবার সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান।
কুলসুম বেগম নামে ৫৫ বছর বয়সী ওই নারীর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তিনি ঢাকার কোথায় থাকেন, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।
ওসি শাহান হক বলেন, পাঁচ থেকে ছয় বছরের এক শিশুকে নিয়ে ইসিবি চত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কুলসুম বেগম। সে সময় বসুমতী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সেইসঙ্গে শিশুটি সড়কে ছিটকে পড়ে আহত হয়।
শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে ওসি বলেন, কুলসুমের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম আর বাড়ির ঠিকানা পাওয়া গেছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করে চালককেও আটক বরা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
