নূর ম্যানশনে ধোঁয়া দেখে ছড়াল আগুন আতঙ্ক
ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেখে অনেকেই ছোটাছুটি শুরু করেন।
ঢাকায় পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের মধ্যে ফায়ার সার্ভিস ঘোষিত ‘অতি ঝুঁকিপূর্ণ’ গাউছিয়া মার্কেটের পাশের নূর ম্যানশনে আগুনের আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নূর ম্যানশনের প্রধান ফটকের পাশে একটি খাবার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে কিছুটা ধোঁয়া দেখা দেয়। তাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য মিনিট দশেকের মধ্যেই সেই পরিস্থিতি স্বভাবিক হয়।
নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি দোকানে শর্টসার্কিট হলে কিছু ধোঁয়া দেখা দেয়, তবে আগুন ধরেনি। এরইমধ্যে ফায়ার সার্ভিস চলে আসে।
“ফায়ার সার্ভিসের গাড়ি দেখেই আশেপাশের ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিলে কিছুটা ছোটাছুটি হয়। পরে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের পাশের মার্কেটের একটি ফাস্টফুডের দোকানে শর্টসার্কিট হলে ধোঁয়া দেখা দেয়।
“পাশেই অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। সেখান থেকে সাথে সাথে ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে জানানো হলে খুব দ্রুতই চারটি ইউনিট আসে। তবে তাদের কোনো কাজ করতে হয়নি। তারা পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে যায়।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে তাদের একাধিক ইউনিটকে সেখানে পাঠানো হয়। তবে আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তাদের কোনো কাজ করতে হয়নি।
নূর ম্যানশনের অদূরে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ২৭ ঘণ্টা পর রোববার সকালে আগুন পুরোপুরি নির্বাপণ করার কথা জানায় ফায়ার সার্ভিস।
তার ১১ দিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ছাই হয়ে যায়। গত বৃহস্পতিবার নবাবপুরে ২০টির মতো গুদাম পোড়ে। রোববার রাতে পোড়ে আগারগাঁওয়ে একটি তুলার গুদাম। সোমবার সকালেই উত্তরার বিজিবি মার্কেট এবং বায়তুল মোকাররমে গয়নার মার্কেটে অগ্নিকাণ্ড হয়।
