২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘খাল দখল’: সাদিক অ্যাগ্রোতে অভিযানে যাচ্ছে ডিএনসিসি

উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে তিন প্লাটুন পুলিশ চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠিও দেওয়া হয়েছে।

‘খাল দখল’: সাদিক অ্যাগ্রোতে অভিযানে যাচ্ছে ডিএনসিসি
মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর খামারটি খালের জমি দখল করে গড়ে উঠেছে বলে অভিযোগ আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 12:07 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

কোটি টাকার ‘অভিজাত’ গরু এবং ‘১৫ লাখ টাকার’ খাসি নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো ফার্মে অভিযান চালাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযান পরিচালনার বিষয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে অঞ্চল-৫ এর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। 

মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কের পাশের সাদিক অ্যাগ্রো করতে গিয়ে ডিএনসিসির খালের জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ আছে। ওই জমি উদ্ধারে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান হতে পারে বলে জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। 

বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আমাদের কাছে প্রধান কার্যালয় থেকে নোটিস এসেছে। ওই খামার করতে গিয়ে ডিএনসিসির খাল দখল করে ফেলেছেন তারা-এমন অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।” 

ডিএনসিসি জানিয়েছে, খাল উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে তিন প্লাটুন পুলিশ চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠিও দেওয়া হয়েছে। 

সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন গবাদিপশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি। 

গরুর দাম কোটি টাকা, কারণ 'বংশমর্যাদা'