Published : 15 Apr 2026, 12:46 PM
জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১০ হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, এসব হিসাবে এক কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৪১ টাকা রয়েছে বলে আদালতে তথ্য দিয়েছে দুদক।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর কাজী ইনামের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আছে। তিনি তার নিজের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রুপান্তর করার অপরাধ করেছেন। তাই দুদক গত বছরের ১৬ সেপ্টেম্বরে কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে।”
দুদক বলছে, কাজী ইনামের এসব অস্থাবর সম্পদ “হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন করে বিদেশে পালিয়ে যেতে পারেন” বলে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাই তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
গত বছরের ১৮ জানুয়ারি একই আদালত কাজী ইনামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ, তার দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাদের মা আমিনা আহমেদসহ ১০ জনের নামে থাকা ১১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল ঢাকার একটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সে সময়ও কাজী ইনাম আহমেদের ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছিল।
এখন আবার নতুন করে ১০টি হিসাব অবরুদ্ধ করার আদেশ চাওয়ার কারণ জানতে চাইলে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারি পরিচালক (সার্বিক) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত করতে গিয়ে নতুন করে ১০টি ব্যাংক হিসাব পাওয়ায় তা অবরুদ্ধের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন। পরে আরো ব্যাংক হিসাব পেলে সেগুলোও অবরুদ্ধ করার আবেদন করা হবে।”