Published : 22 Jul 2026, 06:15 PM
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডিত মো. অরুণ ভু্ইঁয়া (৫০) মতলব উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে যায়। কিছু সময় পর শিশুটিকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এই সুযোগে আসামি অরুণ ভু্ইঁয়া শিশুকে ক ধর্ষণ করে।
রক্তাক্ত অবস্থায় শিশুটি তার দাদিকে ঘটনাটি জানায়। সেদিন চিকিৎসার জন্য তার বাবা-মা ঢাকায় ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ১৪ জুলাই বাড়ি ফিরে শিশুটির বাবা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে তোলেন। মামলাটির তদন্ত শেষে তিনি একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, মামলাটি বিচারাধীন অবস্থায় আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকারোক্তি এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতেই বিচারক এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।