Published : 22 Jul 2026, 06:10 PM
মানিকগঞ্জে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন আইভী ফেরদৌস।
এ ছাড়া এদিন মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
সিভিল সার্জন বলেন, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত চিকিৎসক এবং লেবার রুমও পাওয়া যায়নি।
এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানেরই প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে।
তিনি বলেন, মানিকগঞ্জে জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।