২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে সাপ আসছে লোকালয়ে, সতর্ক থাকার আহ্বান

“সাপে কাটার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করার মাধ্যমে মৃত্যুহার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব,” বলেন এক স্বেচ্ছাসেবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 12:01 AM

Updated : 24 Apr 2024, 11:59 AM

তীব্র গরমে জলাজঙ্গল ছেড়ে সাপ ফাঁকা ঘরবাড়ি ও বাসগৃহ সংলগ্ন ছাঁয়াযুক্ত পরিবেশে চলে আসছে জানিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে এক অনুষ্ঠানে। 

মঙ্গলবার বিকালে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের (এসআরটিবিডি) সহযোগিতায় ঢাকার দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে সচেতনামূলক এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

সাপ উদ্ধার ও অবমুক্ত করার কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানান, বেশকিছু প্রজাতির সাপের প্রজনন মৌসুম নিকটবর্তী হওয়ায় এবং গরমে আরামদায়ক পরিবেশের সন্ধানে সাপ জলাজঙ্গল ছেড়ে ফাঁকা ঘরবাড়ি ও বাসগৃহ সংলগ্ন ছায়াযুক্ত পরিবেশে চলে আসছে। এতে মানুষের সঙ্গে সাপের সংঘাত ও সাপেকাটার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 

সাপে কাটা রোগীকে ওঝার কাছে না পাঠিয়ে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়ে স্বেচ্ছাসেবী জোবায়দুর রহমান বলেন, “সাপে কাটার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করার মাধ্যমে মৃত্যুহার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।” 

শাহআলী ও দারুস সালাম থানা এবং অন্তর্গত পুলিশ ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ মিরপুরের শতাধিক বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন। 

দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন, শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।