এবছর পুলিশ পদক পাচ্ছেন ১১৫ জন
মঙ্গলবার শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেবেন।
দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পাচ্ছেন ১১৫ কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সেখানে বলা হয়, সাহসিকতার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে বিপিএম এবং ২৫ জনকে পিপিএম পদক দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকার জন্য ২৫ জন বিপিএম (সেবা) এবং ৫০ জন পিপিএম (সেবা) পদক পাবেন।
মঙ্গলবার শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেবেন।
বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পুলিশ সদস্যদের দেওয়া হয় পুলিশ ফোর্সেস এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’স ব্যাজ)।
পুলিশ সদরদপ্তর জানায়, এবারের পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য।
৪ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
