ঈদ আনন্দ নেই রাজনের ঘরে
ঈদের দিনে ভোর হতে না হতেই সব পরিবারে ঈদ উদযাপনের তোড়জোড় শুরু হলেও সিলেটে নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের বাড়িতে দেখা গেছে শুধুই হাহাকার, কান্না।
জালালাবাদের কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গ্রামের বাসিন্দা মাইক্রোবাসচালক আজিজুর রহমান ও লুবনা আক্তারের বড় ছেলে রাজন (১৩)। রাজন আর আট বছরের সানিউল আলম সাজনকে নিয়ে ছিল তাদের সংসার।
স্থানীয় অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিল রাজন। পরিবারের অভাবের কারণে এরপরে আর পড়া হয়নি তার। সংসারে একটু স্বচ্ছলতা আনতে সবজি বিক্রি করত রাজন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে।
সকালে বাদেয়ালী গ্রামে গিয়ে দেখা যায় রাজনের বাড়িতে ঈদের আনন্দের বদলে এখন শুধুই শূন্যতা।
ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবিতে রাজনের ওপর নির্যাতনের দৃশ্য।
রাজনের ছবি বুকে জড়িয়ে তার মা লুবনা আক্তার বলেন, ‘‘আমাদের কিসের ঈদ? সব আনন্দ কেড়ে নিয়েছে ওই পাষণ্ডরা। ওদের বিচার চাই, ফাঁসি চাই, ওরা আমার ওইটুকু ছেলেকে ‘চোর’ অপবাদে পিটিয়ে মেরেই ফেলল।’’
রাজনের বাবা আজিজুর রহমান বলেন, ‘‘প্রতি ঈদে ছেলেটা নতুন কাপড় কিনে দেওয়ার আবদার করত। এবার ও কবরে শুয়ে আছে, আমরা কীভাবে ঈদের আনন্দ করি? আমরা তার খুনিদের বিচার চাই।”
ঈদের নামাজ শেষে প্রতিবেশীরা সবাই এসেছেন রাজনদের ঘরে। কিন্তু কারো মুখেই আনন্দের ছাপ নেই। একরাশ কষ্ট বুকে নিয়ে দাঁড়িয়ে তাদের কষ্টের অংশীদার হচ্ছেন।
রাজনের মা-বাবার কান্নায় চোখ ভিজছে সবার।
