২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যায় সারাদেশে প্রতিবাদ অব্যাহত

শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় বুধবারও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 07:29 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

জামালপুর, পাবনা, নারায়ণগঞ্জ ও বরগুনায় দিনভর এসব বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

৮ জুলাই সিলেটের কুমারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে ১৩ বছরের রাজনকে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় জড়িতরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

জামালপুর

সকালে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাব ও জেলা শিশু সুরক্ষা নেটওয়ার্ক মানববন্ধনের আয়োজন করে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।

Image
শিশু রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন

শিশু রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা

দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করে।

বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মী প্রলয় চাকী, আখতারুজ্জামান আখতার, কামাল সিদ্দিকী, নরেশ মধু, ভাস্কর চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা আর কোনো রাজনকে যাতে এভাবে প্রাণ হারাতে না হয় সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Image
শিশু রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

শিশু রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

নারায়ণগঞ্জ

রাজন হত্যার দ্রুত বিচার দাবিতে নারায়ণগঞ্জে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের জেলা শাখার মানববন্ধনের আয়োজন করে।

বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। 

নারায়ণগঞ্জ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষসহ অন্যরা বক্তব্য রাখেন।

বরগুনা

বরগুনায় জেলার বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজন হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধনের আয়োজন করে।

খেলাঘর, লোকবেতার, বরগুনা প্রেসক্লাব, মহিলা পরিষদ, নাগরিক অধিকার, জাগো নারী, সুশীলন, উদীচী, বরগুনা থিয়েটারের এ আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
জেলা খেলাঘরের সভাপতি মনিরুজ্জামান নশার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান, আঞ্চলিক সমন্বয়ক চিত্তরঞ্জন শীলসহ অন্যরা বক্তব্য রাখেন।

নওগাঁ

সকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

একুশে উদযাপন পরিষদের আয়োজনের পরিষদের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, শরিফুল ইসলাম খান, আতাউল হক সিদ্দিকীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।