২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১

ঢাকার যাত্রাবাড়ীতে একটি কাপড়ের দোকানে আগুন লেগে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 04:01 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

নিহত মো. আরইয়ান (২৮) ইস্ট ওয়েস্ট ফ্যাশন ডিজাইন নামের একটি দোকানের বিক্রয়কর্মী ছিলেন।

যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ওই দোকানে আগুন লাগে। ঈদের বাজারে ব্যস্ততা শেষে রাতে শোরুমেই ঘুমিয়ে ছিলেন আরইয়ান।

“ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে দগ্ধ আরইয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ওই দোকানে আগুন লাগে আনুমানিক রাত সাড়ে ৪টার দিকে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।