২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তরুণীর ঝুলন্ত লাশ, শ্বশুরবাড়ির সবাই পলাতক

নওগাঁর রানীনগর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পিটিয়ে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 01:25 PM

Updated : 26 Jul 2022, 12:03 PM

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, বুধবার গভীর রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক।

নিহত জান্নাতুন নাইম (২২) ত্রিমোহনী গ্রামের দোদন হোসেনের মেয়ে। দুই বছর আগে চকাদিন গ্রামের তালেব আলীর ছেলে স্বর্ণকার আলমগীর হোসেনের (৩০) সঙ্গে তার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি ছেলে রয়েছে।

জান্নাতের ভাই আবু বক্কর সিদ্দিক পুলিশকে অভিযোগ করেছেন, বুধবার রাতের কোনো এক সময় শ্বশুরবাড়ির লোকেরা তার বোনকে পিটিয়ে হত্যা করে। এরপর লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ছেলে হোসাইনকে একা ফেলে আলমগীরসহ বাড়ির অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে জান্নাতের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

প্রতিবেশী ও জান্নাতের পরিবার বলছে, আলমগীর যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি জান্নাতের বাবা আলমগীরকে দোকান করার জন্য দেড় লাখ টাকাও দেন। কিন্তু আলমগীর আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন।