২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে পানি, ঈদযাত্রার শুরুতেই বিপত্তি

রাত থেকে টানা বৃষ্টিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে ঈদযাত্রার শুরুতেই বিপত্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 02:40 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

এদিকে মেঘনা সেতু এলাকায় সড়ক মেরামত এবং গোমতী সেতুতে ট্রাক বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে রাত থেকে বিচ্ছিন্নভাবে যানজট চলছে।

শুক্রবার ঈদের ছুটি শুরুর আগে কেবল বৃহস্পতিবার অফিস খোলা। এ কারণে অনেকেই একদিন বাড়তি ছুটি নিয়ে শবে কদরের ছুটির দিন বুধবার পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন।

সকালে ঢাকার বাসস্ট্যান্ডগুলোতে ভিড়ের দুর্ভোগ পোহাতে না হলেও বৃষ্টির কারণে ঠিকই নাকাল হতে হয়েছে ঘরমুখো যাত্রীদের। এর মধ্যে রাজধানী থেকে উত্তর ও দক্ষিণের পথে দুই মহাসড়কে যানজট ও জলজটের কারণে তাদের গাড়িতে বসে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন, সাইনবোর্ড, মালেকের বাড়ি, বড়বাড়ি, চান্দনা-চৌরাস্তা মোড়ের পশ্চিম অংশ এবং ভোগড়া বাইপাস সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে থাকতে দেখা যায়।

দুপুরের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি জমে থাকায় চালকরা ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন বলে আমাদের গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন জানান।  

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, “মহাসড়কর থেকে বৃষ্টির পানি সরাতে আমাদের কর্মীরা কাজ করছে।”

Image
আষাঢ়ের শেষ দিনে টানা বর্ষণে গাজীপুরের ভোগড়া এলাকায় মহাসড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

আষাঢ়ের শেষ দিনে টানা বর্ষণে গাজীপুরের ভোগড়া এলাকায় মহাসড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

ঢাকা-গাজীপুর পথে চলাচলকারী ‘ছালছাবিল পরিবহনের’ বাসচালক সুজন বলেন, “সিটি করপোরেশনের বড়বাড়ি থেকে শুরু করে ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত পানি জমে থাকায় গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। মাঝে মাঝে গাড়ি জমে যানজট সৃষ্টি হচ্ছে।”

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই মো. বাহার আলম বলেন, “এলাকায় মহাসড়ক কিছুটা নিচু হওয়ায় এবং আশপাশের এলাকার পানি দ্রুত সরতে না পারায় তা মহাসড়কের ওপর চলে আসে। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।”

তবে চান্দনা-চৌরাস্তার উত্তর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন হওয়ায় এবং সেখানে জলাবদ্ধতা না থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানান এসআই বাহার।

গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানিয়েছেন, ভোগড়া বাইপাস এলাকার পানি সরানোর জন্য রাস্তার পাশে নালা করে দেওয়া হয়েছে। বৃষ্টি থামলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে না বলে তার আশা।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “বৃষ্টির কারণে গাড়ি চলাচলে ধীরগতি থাকলেও কোথাও যানজট হয়নি। মহাসড়কে গাড়িতে চাঁদাবাজি যানজটের  অন্যতম কারণ। চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। কোনো পুলিশ কর্মকর্তা এতে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে তারাও রোববার  থেকে কাজ শুরু করেছেন। যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট করা হচ্ছে। এজন্য ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ’র একজন সহকারী পরিচালক ও দুইজন পরিদর্শক সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করছেন। একই স্থানে যাতে দীর্ঘসময় গাড়ি দাঁড়িয়ে না থাকে সেজন্য মাইকিংও করা হচ্ছে।

Image
আষাঢ়ের শেষ দিনে টানা বর্ষণে গাজীপুরের ভোগড়া এলাকায় মহাসড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

আষাঢ়ের শেষ দিনে টানা বর্ষণে গাজীপুরের ভোগড়া এলাকায় মহাসড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

এদিকে রাস্তা মেরামত ও দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ধীর গতিতে যানবাহন চলছে বলে আমাদের কুমিল্লা প্রতিনিধি নূরুর রহমান জানান। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জুবায়ের আলম জানান, মেঘনা সেতু এলাকায় রাতে রাস্তা মেরামতের কারণে দুই ঘণ্টা একপাশ বন্ধ থাকে। এ কারণে যানজট সৃষ্টি হয়।

এদিকে গোমতী সেতুর ওপর একটি ট্রাক বিকল হওয়ায় এক পাশের লেইনে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। ভোরে ট্রাক সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে গাড়ির জট তৈরি হয়।

দুই ফেরিপথে ট্রাক পারাপার বন্ধ

ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক পারাপার।

বুধবার সকাল থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানিয়েছেন।

মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলীমও পণ্যবাহী ট্রাক পারপার বন্ধ রাখার কথা জানিয়েছেন।

তবে শিমুলিয়া ও কাওড়াকন্দিতে যাত্রাবাহী বাসের কম থাকায় মাঝে মাঝে ট্রাকও পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

ঈদের আগে-পরে তিন করে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে এ সময়ে কাঁচামাল, শিশুখাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।

দুই নৌপথেই বর্তমানে ১৮টি করে ফেরি চলছে। দুটি বহরে আরো একটি করে ফেরি যুক্ত হওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।