২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা: ডিএমপি

ঈদ সামনে রেখে মানুষের চলাচল নির্বিঘ্ন করা এবং রাজধানীকে নিরাপদ রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:45 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

মঙ্গলবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

আসাদুজ্জামান বলেন, যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ডিএমপি, শিল্প পুলিশ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশসহ সব মিলে সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।

“এ নেটওয়ার্কের অধীনে থানা পুলিশ দেখবে অপরাধ অর্থাৎ টিকেট কালোবাজারি, চাঁদাবাজি ইত্যাদি হচ্ছে কিনা। থানার বাইরে যারা আছেন তাদের দায়িত্ব থাকবে হাইওয়ে তদারকি করা।”

যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল ও রেলস্টশনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।

“ঢাকা থেকে বাইরে বেরোনোর এক্সিট রুট আছে ১৩টি। এর মধ্য গাবতলী সায়েদাবাদ ও আব্দুল্লাহপুরে আমরা বিশেষ মনোযোগ দিচ্ছি।”

চাঁদাবাজদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে আছে বলেও জানান তিনি।

ঈদে মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করার বিষয়টিও পুলিশের বিবেচনায় রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

“ব্যাংক পাড়া ও বিপনী বিতানগুলোতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারী ক্রেতাদের নিরাপত্তায় নারী পুলিশ ও রয়েছে।”

আছাদুজ্জামান বলেন, “ঈদ উপলক্ষে ৫০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করেন, শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। বেড়ে যায় চুরি-ডাকাতির প্রবণতা। তাই এ সময় (ঢাকায়) প্রচুর টহল ও গোয়েন্দা পুলিশ থাকবে।”

এসময় তিনি নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান।

ঈদ-উল-ফিতরের জামাতের নিরাপত্তায় বায়তুল মোকাররম ও ঈদগাহকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।