বাসায় ডেকে ‘প্রেমিক খুন’, স্কুলছাত্রীর আত্মহত্যা
ফোনে ‘প্রেমিককে’ বাসায় ডেকে এনে ‘পিটিয়ে হত্যার’ পাঁচদিন পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী।
মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পারভিন আক্তার।
পারভিন স্থানীয় হাতিমারা স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে।
এর আগে গত ৮ জুলাই রাতে পারভিনকে দিয়ে ‘প্রেমিক’ তারেককে বাসায় ডেকে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তারেক একই এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এবং হাতিমারা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ওই ঘটনায় মোমিনুল ইসলাম (৩০) ও ইব্রাহিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাঁড়ি ইনচার্জ জাকির বলেন, মঙ্গলবার সকালে পারভীনকে ঘরের দরজা খুলতে বলেন তার মা। দরজা না খোলায় সন্দেহ হলে তারা অন্য ঘর দিয়ে সিলিং ভেঙে ভেতরে ঢুকে পারভিনের ঝুলন্ত লাশ দেখতে পান।
“গত মাসে পারভিন ও তারেক বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হামিদুল জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ তারেকের বড় ভাইকে গ্রেপ্তার করে। এ খবর পেয়ে পারভিনকে তার বাবার কাছে পৌঁছে দেয় তারেক।”
তিনি আরও বলেন, পরে গত ৮ জুলাই গভীর রাতে তারেককে বাড়িতে ডেকে নিয়ে হামিদুল ও তার সহযোগীরা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগে মামলা করেছে তার পরিবার।
