ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকায় এক স্কুলছাত্রকে ফোনে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, যার মেয়ের সঙ্গে ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহত তারেক রহমান স্থানীয় হাতিমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন জানান, বুধবার মধ্যরাতে এ ঘটনার পর পালিয়ে গেছে সন্দেহভাজন হামিদুল ইসলাম।
তবে জিজ্ঞাসাবাদের জন্য হামিদুলের সহযোগী মমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনা জানার জন্য হামিদুলের মেয়ে এবং আরো দুই শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাকির বলেন, হামিদুলের মেয়ের সঙ্গে তারেকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জুন মাসের প্রথম দিকে তারা বাড়ি থেকে পালিয়েও যায়।
“এ ঘটনায় হামিদুল জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ তারেকের বড় ভাইকে গ্রেপ্তার করে। এ খবর পেয়ে মেয়েকে বাবার কাছে পৌঁছে দেয় তারেক।”
এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছিল জানিয়ে তিনি আরো বলেন, “এর মধ্যে বুধবার রাত ১২টার দিকে হামিদুল মেয়েকে দিয়ে তারেককে ফোনে ডেকে আনে। পরে স্ত্রী ও মেয়েকে পাশের রুমে আটকে রেখে সহযোগীদের নিয়ে তারেককে মারধর ও লাঠিপেটা করেন
“এক পর্যায়ে তারেকের মুখে বিষ ঢেলে মুমূর্ষু অবস্থায় হাতিমারা এলাকার একটি মসজিদের পাশের রাস্তায় ফেলে রাখে।”
খবর পেয়ে তারেকের স্বজনরা বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই জাকির।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
