গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন মোল্লা (২৫) গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ওই এলাকার ইসমাইল হোসেন মোল্লার ছেলে তিনি।
জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির জানান, জাহাঙ্গীর গোয়ালন্দ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দরপত্র সংক্রান্ত শত্রুতার জেরে জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, হামলার পরপরই এলাকাবাসী আকাশকে ধরে পুলিশে দেয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
