খুলনায় বন্দুকযুদ্ধে ‘ডাকাত সর্দার’ গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৫
খুলনার তেরখাদায় কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ এক যুবকসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ মোর্শেদ (২৮) একটি ডাকাত দলের প্রধান। আশঙ্কাজনক অব্স্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার আজগড়া গাউস ভেড়ীর মোড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বাকি চারজনের নাম পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর পিটুনিতে আহত হওয়ায় তাদের তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার উপজেলার আজগড়ায় গরুর হাট ছিল। রাতে মোর্শেদ ও তার সহযোগীরা হাট ফেরত গরু ব্যবসায়ীদের টাকা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে আজগড়া গাউস ভেড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।
উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ডাকাতদলের আরও চার সদস্যকে আটক করা হয়। উত্তেজিত এলাকাবাসী পিটুনিতে ওই চারজন আহতও হন।
পুলিশ কর্মকর্তা নাসির বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল এবং গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছ থেকে ওইসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
