পাবনায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি আটক
পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক কলেজ শিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই গৃহকর্মীকে।
সোমবার রাতে শহরের শালগাড়িয়া মহল্লার খেয়াঘাট পাড়ায় ওই দম্পতির বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান পাবনা সদর থানার ওসি আহসানুল হক।
আটকরা হলেন, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক ইমাম হোসেন ও তার স্ত্রী কামরুন্নাহার মৌসুমী।
উদ্ধার হওয়া তাসলিমা গাজীপুরের শ্রীপুর উপজেলার হরতকীরটেক গ্রামের দুলাল হোসেন সরলের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের মে মাসে তাসলিমাকে গৃহকর্মী হিসেবে পাবনা নিয়ে আসেন মৌসুমী।এরপর থেকেই মৌসুমী তাকে নানাভাবে নির্যাতন চালাতে থাকে।
নির্যাতন সইতে না পেরে তাসলিমা গত ১১ জুলাই বাড়ি থেকে পালিয়ে যায়। সোমবার রাতে খেয়াঘাট পাড়ার একটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
রাত ৯টার দিকে তাসলিমাকে উদ্ধার করে প্রাধমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
মেয়েটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন ওসি আহসানুল হক।
তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বাড়িতে আমাকে আনার পর থেকেই মৌসুমী ম্যাডাম আমাকে মারধর করত। একবার বটি দিয়ে কুপিয়ে জখমও করে আমাকে।”
কামরুন্নাহার মৌসুমী বলেন, “কথামতো কাজ না করলে মাঝে মধ্যেই আমি সামান্য ধমক দিতাম। তবে এভাবে আমি নির্যাতন করিনি।
“আর এখন তাসলিমা যদি বলে থাকে আমিই তাকে নির্যাতন করেছি, তাহলে আমার আর কিছুই বলার নেই।”
