রাজশাহী ও সলিমুল্লাহ মেডিকেলে নতুন পরিচালক
বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেলকে প্রেষণে রাজশাহী ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
সেই সঙ্গে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে আরেক ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশ হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ করতে তার চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরিও স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।
এই হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ব্রিগেডিয়ার জেনারেল মো. পারভেজ কবীরকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসাবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
আর কেন্দ্রীয় ঔষধাগারের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুলকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
