মামলা দীর্ঘায়িত করা বরদাস্ত করা হবে না: প্রধান বিচারপতি
দীর্ঘদিন পর পর মামলার তারিখ দিয়ে বিচার কাজ বিলম্বিত করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার বিকালে নারায়ণগঞ্জে বিচার বিভাগীয় এক সম্মেলনে স্বল্প দিনের ব্যবধানে মামলার তারিখ দেওয়ার নির্দেশ দেন তিনি।
নারায়ণগঞ্জের আদালতের বিচারকাজ দিনব্যাপী পরিদর্শন শেষে বিকালে জেলায় কর্মরত বিচারকদের সঙ্গে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান বিচারপতি।
মামলা জট নিয়ে আগে থেকেই প্রধান বিচারপতি তার অসন্তোষ প্রকাশ করে আসছেন।
গত মাসে তিনি জানিয়েছিলেন, বর্তমানে নিম্ন আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক আছেন ১০৯৪ জন। বিচারক প্রতি মামলার সংখ্যা ২৪৮০টি।
নারায়ণগঞ্জের সম্মেলনে গাড়ি পোড়ানোর মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদরা অভিযোগের সুযোগ পান।
রাজনীতিবিদরা প্রায়ই বলে থাকেন, রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আর পুলিশের দুর্বল তদন্তের কারণে অনেক আসামি আইনের ফাঁক গলে জামিন পেয়ে যায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জ্যেষ্ঠ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল।
