যুগোপযোগী বিচার বিভাগ চান প্রধান বিচারপতি
মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কবলে পড়া ‘মরচে ধরা’ বিচার বিভাগকে রক্ষা করতে নানামুখী পদক্ষেপ চেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
শনিবার ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া এক সংবর্ধনায় তিনি বিচার বিভাগের নানা বিষয় নিয়ে কথা বলেন।
সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি বলেন, “এই সংবর্ধনা বিব্রতকর। তবে আমি এখানে এসেছি, আপনাদের সঙ্গে আইনমন্ত্রীর সামনে কিছু কথা বলতে। মরচে ধরা বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করা ও মামলজট সহনীয় করার জন্য কিছু বলতে।”
তিনি বলেন, “কয়েকশত বছর পুরনো এই বিচার প্রতিষ্ঠান এমন ছিল না। মানুষের আস্থা হয়তো এখনও সরকারের অন্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি আছে। তবে আমি শঙ্কিত, ভবিষ্যতে কতটা থাকবে। এটাকে ঠিক করতে গিয়ে আমরা কোথায় যেন খেই হারিয়ে ফেলছি।”
“বর্তমানে নিম্ন আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা বিচারাধীন রয়েছে। বিচার আছে ১০৯৪ জন। বিচারক প্রতি মামলার সংখ্যা ২৪৮০টি। এর বাইরে সম্প্রতি ল্যান্ড ট্রাইব্যুনাল ও অর্পিত সম্পত্তির মামলাও যোগ হয়েছে।”
বর্তমান কাঠামো অনুসারে ১৬৫৫টি পদ রয়েছে বলেও জানান প্রধান বিচারপতি।
“২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৮৩৮টি পদ সৃষ্টি করতে বলা হয়। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করতে পারিনি। সুপ্রিম কোর্ট থেকে রেজুলেশনের পর রেজুলেশন পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এখনো ওই ফাইল আছে।”
“সত্যি কথা বলতে কি, রাতে আমি দুই ঘণ্টা ঘুমাই। এরপর জেগে যাই, কালকে কি নির্দেশনা দেব। কিন্তু কাকে নির্দেশনা দেব, জনবলতো থাকতে হবে। সরকারি অন্য জায়গায় এক পদের বিপরীতে তিন পদ হয়, আমরাতো সেটা চাই না।”
সরকার কর্তৃক নির্ধারিত পদ আর শূন্যপদ পূরণ করতে পারলেই হয় জানিয়ে তিনি বলেন, “দুনিয়ায় এক বিচারকের উপর সবচেয়ে বেশি মামলা আমাদের দেশেই।”
দেশের দেওয়ানি, ফৌজদারি আদালতে বিভিন্ন বছরের মামলা দায়েরের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, এই হিসাবে প্রতি বছর প্রায় ৬ লাখ মামলা হয়।
“এই সংখ্যাকে যদি আমরা অনুমোদন করি, তাহলে বিকল্প নিষ্পত্তি, সভা-সেমিনার যাই করি, সেগুলো মনভোলানো কথা। মামলাজট কমাতে পারব না।”
সব বিচারকের এজলাস নেই উল্লেখ করে তিনি বলেন, “ফরিদপুর গিয়ে দেখলাম, এক বিচারক কোর্টে বসে আছেন, আরেকজন বিচারক বিচার করছেন। জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সে জবাব দিল- উনি নামবেন, এরপর আমি এজলাসে বসবো?”
এই অবস্থার আমূল পরিবর্তন না করতে পারলে আগামী ৫ বছরে পরিস্থিতির বিস্ফোরণ ঘটবে বলে মনে করেন প্রধান বিচারপতি।
আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, “সব জেলায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ৩৫ জেলায় নির্মাণ কাজ শুরু হয়েছে। ৫ জেলায় নির্মাণ কাজ শেষ হয়েছে।”
এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, “চার জেলায় ভবন পেয়েছি। ফরিদপুরে ৩মাস সম্পূর্ণ বন্ধ। আমি দেখে এসেছি। ৩০ জেলায় জমি অধিগ্রহণ হয়নি। যেভাবে চলছে, তাতে তো আরো কুড়ি বছর লেগে যাবে।”
“নারী বিচারকদের মামলা নিষ্পত্তির হার বেশি উল্লেখ করে তিনি বলেন, “এখন আমাদের ৩০-৩৫ ভাগ বিচারক নারী। আমরা আশা করি, এই সংখ্যা অচিরেই ৫০ ভাগে উন্নীত হবে।”
“তবে এই বিবাহিত বা অবিবাহিত মেয়েরা কোথায় থাকে, সেটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। জেলা শহরে যাদের বাড়িতে তারা ভাড়া থাকে, তারাওতো ফৌজদারি মামলার আসামি হতে পারে।”
“তারা না হোক, তাদের আত্মীয় স্বজনরা ফৌজদারি মামলার আসামি হতে পারেন। এদেরকে আকার ইঙ্গিতে তারা বলেও ফেলে।”
“সরকার থেকে বছরে ১০০ কোটি টাকা বেশি চাইলেই ১০ বছরে আমরা ছোট ছোট ফ্ল্যাট বানিয়ে দিতে পারি।”
প্রধান বিচারপতি বলেন, “ডিজিটালাইজেশন নিয়ে এবারের বাজেটে আলাদা একটা বই বের করা হয়েছে। এটা দেখে আমি সাংঘাতিক মর্মাহত হয়েছি। সরকারের দপ্তর উপ-দপ্তর থেকে বয়স্ক ভাতাও এখানে স্থান পেয়েছে।
“আর বিচার বিভাগ সম্পর্কে কেবল বলা হয়েছে, এডিআরের মাধ্যমে গতি বাড়ানো হবে। আমি অর্থমন্ত্রী এটা জিজ্ঞেস করেছি, বিচার বিভাগ আলাদা দ্বীপ কি-না? কেন তাদেরকে বাদ দেওয়া হলো? বিচার বিভাগ ডিজিটাল করতে সরকারের কোন পরিকল্পনা নেই?”
“জবাবে তিনি বলেছেন, হয়তো আপনাদের মন্ত্রণালয় থেকে পাঠানো হয়নি। আপনারা যদি একটা রিভাইজড বিষয় দেন সেটা আমরা বিবেচনা করবো।”
“বিচারকদের মাঝে দুই শত মিনি ল্যাপটপ বা ট্যাব বিতরণে হচ্ছে- এমন খবর পত্রিকায় পড়েই আমি আইনমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলাম।”
“এটাতে সব কাজ করা যায় না। সব বিচারককে যদি একটা ল্যাপটপ বা ডেস্কটপ দেওয়া যায়। আর তারা যদি হাতে কাজ না করে কম্পিউটারে করেন, তাহলেই ৩০ ভাগ কাজ এগিয়ে যায়।”
“আইনমন্ত্রী যদি সহযোগিতা করেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদের সীমিত বাজেট থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যেই আমরা সব বিচারককে একটা করে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে দিতে চাই।”
