২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে মৃত্যু: জামালপুরে অহেদ আলীর পরিবারে মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত অহেদ আলীর জামালপুরের বাড়িতে চলছে শোকের মাতম।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

অহেদ আলী (৪০) ইসলামপুর উপজেলার লক্ষ্মীরচর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গত শুক্রবার ভোর রাতে সৌদি আরবের রিয়াদের মাজমা শহরে এক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হন, যাদের মধ্যে অহেদসহ তিনজন বাংলাদেশি রয়েছেন।

অহেদের বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ১০ বছরের এক মেয়ে।

পরিবারের শোকবিহ্বল সদস্যরা জানান, চার লাখ টাকা ধার করে তিন মাস আগে সৌদি আরব যান অহেদ। সেখানে একটি ক্লিনিং কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তিনি।

বাড়িতে এখনও টাকা পাঠাতে পারেননি তিনি।

অহেদ আলীর স্ত্রী রবিরন বেগম জানান, শনিবার তিনি তার স্বামীর মৃত্যুর খবর পেয়েছেন।

লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

বাবার মৃত্যুর খবর শুনে চিৎকার করে কাঁদছে অহেদ আলীর একমাত্র সন্তান রোজিনা।

অহেদ আলীর বাবা আব্দুস সামাদ জানান, সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে অহেদকে সৌদি পাঠিয়েছিলেন।

ছেলের লাশ পেতে এবং ক্ষতিপূরণ পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান জানান, শনিবার নিহতের পরিবারের কাছে তিনি এ খবর পেয়েছেন। পরিবারটিকে অহেদ আলীর পাসপোর্ট ও ভিসার ফটোকপি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে মাজমাহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে নয় জন নিহত এবং

অন্তত ২৭ জন আহত হন। আহতদের অধিকাংশই বাংলাদেশি বলে গণমাধ্যমের খবর।

নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।