ঈদ টিকেট: চট্টগ্রাম রেল স্টেশনে ছুটির দিনে ভিড় বেড়েছে
সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম রেলস্টেশনে ঈদের আগাম টিকেট কিনতে আসা মানুষের ভিড় প্রথম দিনের তুলনায় বেড়েছে।
রোজার ঈদের আগে বিভিন্ন গন্তব্যে ১৪ জুলাইয়ের আগাম টিকেট বিক্রি হয়েছে শুক্রবার।
সকাল থেকে দুপুর পর্যন্ত টিকেট কিনতে আসা কেউ কেউ কাউন্টারে বিলম্বের অভিযোগ করলেও বেশিরভাগ ক্রেতা প্রত্যাশিত টিকেট পেয়েছেন ঝামেলা ছাড়াই।
বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন সকাল থেকে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর হাতে টিকেট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৭টা থেকে চার নম্বর কাউন্টারে লাইনে দাঁড়িয়েছি। অন্য কাউন্টারগুলোতে দ্রুত টিকেট দিলেও এ কাউন্টারে দেরি হয়েছে।”
পাঁচ নম্বর কাউন্টারে দুই ঘণ্টা অপেক্ষার পর টিকেট হাতে পাওয়া মনোয়ার হোসেন বলেন, “চেয়েছিলাম চেয়ার, কিন্তু কাউন্টার থেকে বলল চেয়ারের টিকেট শেষ। শেষে শোভন চেয়ারের টিকেট নিয়েছি। খুব একটা ঝামেলা হচ্ছে না।”
এ স্টেশনের সাতটি কাউন্টারে এদিন ভিড় ছিল প্রথমদিনের তুলনায় বেশি। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়।
টিকেট কালোবাজারি ঠেকাতে স্টেশনে বসানো র্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্পের ডিএডি মো. কুদরত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এখন পর্যন্ত টিকেট না পাওয়ার বা কালোবাজারির কোনো অভিযোগ আমরা পাইনি।”
পূর্বাঞ্চল রেলওয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ছয় হাজার ১৮১টি টিকেট বিক্রি করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর মধ্যে ২৫ শতাংশ ইন্টারনেট ও মোবাইলে বুকিং দেওয়া, ভিআইপি পাঁচ শতাংশ ও রেলওয়ের কর্মকর্তাকর্মচারীদের জন্য পাঁচ শতাংশ টিকেট বরাদ্দ আছে বলে পূর্বাঞ্চল রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান জানান।
পূর্বাঞ্চল রেলওয়ে সাধারণত প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী পরিবহন করলেও ঈদে তা ১৫ থেকে ১৬ হাজারে উন্নীত হতে পারে বলে জানান তিনি।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ জানান, এবার আন্তঃনগর ট্রেনের তাপানুকূল শ্রেণির টিকেট নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের তথ্য ফরম পূরণ করতে হচ্ছে।
এতে টিকেট সংগ্রহকারীর নাম, মোবাইল নম্বর, ভ্রমণকারী যাত্রীর নাম, যাত্রী সংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য দিতে হচ্ছে।
১১ জুলাই ১৫ তারিখের, ১২ জুলাই ১৬ তারিখের এবং ১৩ জুলাই ১৭ তারিখের টিকেট বিক্রি করবে রেলওয়ে পূর্বাঞ্চল।
তবে ১৭ তারিখে ঈদের চাঁদ দেখা না গেলে ওইদিন রাতে ১৮ জুলাইয়ের টিকেট দেওয়া হবে।
ঈদ উপলক্ষে এবার পূর্বাঞ্চলে যুক্ত হয়েছে চাঁদপুর স্পেশাল-১ ও স্পেশাল-২ নামের দুটি ট্রেন। ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশেষ এই দুটি ট্রেন।
এর মধ্যে প্রথমটি সকাল সাড়ে ১০টায় ও দ্বিতীয়টি বিকেল তিনটায় চট্টগ্রাম ছেড়ে যাবে।
