টঙ্গীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই নারীর কারাদণ্ড
গাজীপুরের টঙ্গীতে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দুই নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী বস্তি এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সহকারী পরিচালক মো. মহিউল ইসলাম জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- আমতলী বস্তির ফাতেমা বেগম (৫০) ও স্টেশন পাড়া এলাকার সাকিব মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২০)।
এদের মধ্যে ফাতেমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচশ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর রোজিনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাস তাদের এ সাজার আদেশ দেন।
র্যাব কর্মকর্তা মহিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনা ১০০ গ্রাম গাঁজা ফাতেমার কাছ থেকে কিনে রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় রোজিনাকে ওই বস্তি থেকেই গ্রেপ্তার করা হয়।
পরে রোজিনাকে ক্রেতা সাজিয়ে ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই দুজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
