২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, সোমবার রাতে নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মো. মোসলেম প্রধানকে (৬৮) গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য মঙ্গলবার বিকালে পুলিশ পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোসলেম প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তদন্তাধীন আছে।

“সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা হাজতে রাখা হয়।"

স্থানীয় যুদ্ধাপরাধী প্রতিরোধ আন্দোলনের সভাপতি হাবিব রেজা বলেন, মোসলেমের বিরুদ্ধে একাত্তরে নিকলী উপজেলার দামপাড়ায় ২৫ জনকে হত্যা, সংখ্যালঘুদের ধর্মান্তরিতকরণ এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুণ্ঠনে অভিযোগ রয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২।

এরা হলেন-কিশোরগঞ্জের নিকলি উপজেলার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধান।

প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেন।