২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতায় ছুটির দিনেও যানজট রাজধানীতে

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শনিবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 02:15 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

পুরনো খবর:

বৃষ্টিমাথায় ঈদ কেনাকাটা
ভারি বর্ষণ ‘রোববার পর্যন্ত’

গত কয়েকদিনের ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। বৃষ্টির পানি জমে বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট।

পুলিশ কন্ট্রোল রুম থেকে তথ্যে জানা যায়, শান্তিনগর, মালিবাগ মোড়, শান্তিবাগ, মিরপুরের বিভিন্ন সড়কে বৃষ্টির পানি সরতে দেরি হচ্ছে।

এছাড়া বাংলা মোটর, পান্থপথসহ ভিআইপি সড়কগুলোতেও যানজট লেগে রয়েছে। গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্কের সামনের এলাকায় পানি জমে যানজট সৃষ্টি হয়েছে। মহাখালী-ফার্মগেইট সড়কে বেলা ১২টার দিকে তীব্র যানজট ছিল।

পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, মূলত বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং সেই সঙ্গে ঈদের কেনাকাটার জন্য মানুষের ভিড় থাকায় বেশ কয়েকটি সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে।

Image
টানা বৃষ্টিতে শনিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছবি: তানভীর আহাম্মেদ

টানা বৃষ্টিতে শনিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছবি: তানভীর আহাম্মেদ

Image
টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শনিবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শনিবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। রোববার নাগাদ বৃষ্টি চলবে বলে আবহাওয়া অধিদপ্তরের আভাস।

ঢাকায় শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৬৭ মিলিমিটার।

Image
টানা বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

টানা বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

Image
টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শনিবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শনিবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। ছবিটি বনানী কাকলী এলাকার। ছবি: তানভীর আহাম্মেদ

শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টেকনাফে। ভোর থেকে দিনের প্রথম ৬ ঘণ্টায় সেখানে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তায় এই অবস্থা চললেও রোববার নাগাদ পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতি ভারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। শনিবার দুপুরের পর তা কমতে পারে।”

এদিকে টানা বৃষ্টিতে শুক্রবার চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও কক্সবাজারের রামুতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ফসলেরও ক্ষতির খবর পাওয়া গেছে এসব এলাকায়।