বৃষ্টিমাথায় ঈদ কেনাকাটা
রোজা শুরুর পর প্রথম ছুটির দিনে বৃষ্টির মধ্যেই রাজধানীতে ঈদের কেনাকাটায় নেমেছিলেন অনেকে।
শুক্রবার নিউ মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, চাঁদনীচক, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন বিপণি বিতানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, নতুন পোশাকের পাশাপাশি জুতা-স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে।
সকাল থেকে বৃষ্টির কারণে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ক্রেতা কিছুটা কম থাকলেও দুপুরে বৃষ্টি থামার পর থেকেই তা বাড়তে থাকে।
বিপণি বিতানটি ঘুরে দেখা গেছে, ছেলেদের পাঞ্জাবি, জুতা, স্যান্ডেল এবং মেয়েদের বাহারি পোশাকের দোকানগুলোতে ক্রেতারা ব্যস্ত পছন্দের পোশাকটির খোঁজে। এছাড়াও ইলেকট্রিক পণ্য আর শিশুদের দোকানগুলোতেও ছিল ভিড়।
দুই ছেলেকে নিয়ে কেনাকাটায় ব্যস্ততার ফাঁকে আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে এক ছাদের নিচে প্রায় সবই পাওয়া যায়। যেহেতু ফিক্সড প্রাইসের দোকান থেকে জিনিস কিনি, তাই অভিজাত শপিংমল হলেও কোনো সমস্যা নেই বরং কেনাকাটা করে সুবিধা।”
পরিবারের সবার জন্যই নতুন পাঞ্জাবি আর স্যান্ডেল কিনেছেন বলে জানালেন আবুল কালাম।
তবে সকাল থেকেই বৃষ্টির কারণে আশানুরূপ ক্রেতা হয়নি বলে হতাশা প্রকাশ করেন অনেক বিক্রেতা।
একটি পোশাকের দোকানের বিক্রেতা শ্যামল সরকার বলেন, “বৃষ্টি না হলে আরও বেশি বিক্রি হত।”
ছুটির দিন হওয়ায় অনেকে আবার স্বাচ্ছন্দ্যমত কেনাকাটা করতে বৃষ্টি উপেক্ষা করেই এসেছেন শপিংমলে।
কেনাকাটা শেষে ব্যাংক কর্মকর্তা শারমিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিনতে যেহেতু হবেই আগেই কিনে ফেললাম। বৃষ্টি থাকলেও অফিস বন্ধ থাকায় বাচ্চাকে নিয়ে চলে এসেছি।”
নিউ মার্কেট-চাঁদনী চকে উপচেপড়া ভিড়
মেয়েদের পোশাকের জন্য সুপরিচিত রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া সুপার মার্কেটের বিভিন্ন দোকানগুলোতেও উপচেপড়া ভিড়।
এসব এলাকার দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, বাহারি আর হরেক ডিজাইনের পোশাকের দোকানগুলোতে কেনাকাটায় ব্যস্ত বিভিন্ন বয়সের নারীরা।
এখানে কেনাকাটা করতে আসা ইভা জানান, গত ঈদে আরেকটু কম দামের থ্রি পিচ কিনলেও এবার তার বাজেট বেশি।
ঈদের আগে আরও কয়েকটি পোশাক ও কিছু প্রসাধনী কিনবেন বলেও জানান ইভা।
তবে বৃষ্টির কারণে ক্রেতা কম আসছে বলে আক্ষেপের সুর তুলেছেন অনেক বিক্রেতা।
চাঁদনী চক সুপার মার্কেটের কর্মী নজরুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে তাদের বিক্রি কয়েকদিন আগেই শুরু হয়েছে। তবে বৃষ্টি না থাকলে ছুটির দিনে ক্রেতা আরো বেশি আসত।
চাঁদনী চকের একটি দোকানের কর্মী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসের মাঝামাঝি সময়ে রোজা শুরু হওয়ায় সবার হাতে এখনও কেনাকাটার মতো অর্থ জমা হয়নি। নতুন মাস শুরু হলে ঈদের কেনাকাটা আরও জমে উঠবে।”
ঈদকে সামনে রেখে ভারত ও পাকিস্তানের নকশা অনুকরণে দেশে বিভিন্ন পোশাক তৈরি হচ্ছে এবং তার চাহিদাও বেশ বলে জানান দোকানিরা।
জাহিদ ফেব্রিক্সের বিক্রয়কর্মী সোহেল হোসেন জানান, সর্বনিম্ন ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকায় এসব পোশাক বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীতে দিনভর বৃষ্টির পর শনিবারের ছুটির দিনটিও শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, ফলে এদিনের চিত্র একই থাকবে বলেই আভাস মিলছে।
