২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণ ‘রোববার পর্যন্ত’

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশের প্রায় সব এলাকায় গত কয়েক দিন ধরে চলা ভারি বর্ষণ রোববার পর্যন্ত চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

টানা বৃষ্টিতে শুক্রবার চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও কক্সবাজারের রামুতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ফসলেরও ক্ষতির খবর পাওয়া গেছে এসব এলাকায়।  

শুক্রবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক এস এম মাহমুদুল হক জানান, “এখন বর্ষা চলছে। অতি ভারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। শনিবার দুপুরের পর তা কমতে পারে।”

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ এবং রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বর্ষণ হতে পারে।

গত বুধবার থেকে চলা এই ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ও ভূমি ধসের আরও ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, বৃষ্টিতে কক্সবাজারের কলাতলি, বাজারঘাটা, লালদীঘি, ঝাউতলাসহ অনেক নিচু এলাতায় পানি জমে গেছে। রামু, টেকনাফ, চকরিয়ায় পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচলও বিঘ্ন ঘটছে।