জনদুর্ভোগ: জিগাতলা-হাজারীবাগে সমস্যা নিয়েই বসবাস
পাশাপাশি তিন এলাকা; অভিজাত এলাকা হিসেবে পরিচিত ধানমণ্ডির বাসিন্দারা তেমন না ভুগলেও দুর্ভোগ নিত্য সঙ্গী জিগাতলা ও হাজারীবাগের বাসিন্দাদের।
জিগাতলা সড়ক ধরে একটু ভেতরে ঢুকলে যে কারও চোখে পড়বে এবড়ো-থেবড়ো সড়ক ও গলিপথ। ঘণ্টা খানেকের ভারি বর্ষণে জমে হাঁটু পানি।
আরও খানিকটা এগোলে ট্যানারির বর্জ্য এবং ড্রেনের উপচে পড়া ময়লার দুর্গন্ধে দম আটকে যাওয়ার উপক্রম।
জিগাতলা থেকে হাজারীবাগ, লালবাগসহ ঘনবসতিপূর্ণ আরও কিছু এলাকায় যাতায়াতের একমাত্র সড়কটি দুই বছর আগে ওয়াসার পাইপ সংস্কারের প্রয়োজনে কাটা হয়েছিল।
ইট-সিমেন্টের ঢালাইয়ে নির্মিত সড়কটিতে পুনরায় ঢালাই কিংবা পিচের কার্পেটিং না দেওয়ায় স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
সড়কের পাশের চা বিক্রেতা এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে থকথকে কাদাপানি জমে যায়। একটু ভারী বর্ষণ হলে তো কথাই নেই। দুপাশের নালার ময়লাপানি ও রাস্তার কাদা একাকার হয়ে যায়।”
হাজারীবাগ ছাড়াও ঢালচর, কামরাঙ্গীরচর, কোম্পানিঘাট, লালবাগ, টালি অফিস ও ট্যানারি মোড় এলাকায় যাতায়াত হয় সড়কটি দিয়ে। ধানমণ্ডিসহ শহরের অন্যান্য এলাকায় অফিস আদালতে চাকরি করা নিম্ন ও মধ্য আয়ের মানুষ থাকে এসব এলাকায়।
প্রতিদিন লেগুনা, রিকশা, অটো রিকশায় লাখ লাখ মানুষ সড়কটি হয়ে গন্তব্যে আসা-যাওয়া করেন। এছাড়া চামড়া কারখানা, জুতা কারখানাসহ অন্যান্য শিল্পকারখানার ভারী যানবাহনও চলে।
আট বছর ধরে ওই সড়কে সিএনজিচালিত অটো রিকশা চালান মাইদুল হাসান মিলন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৬০টি অটো রিকশা সুনির্দিষ্টভাবে ওই সড়কে চলাচল করে। আমি নিজেই যাত্রী নিয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ বার আসা-যাওয়া করি।”
বেহাল সড়কের কারণে লাখ লাখ মানুষ গন্তব্যে পৌঁছতে নিয়মিত ভোগান্তির শিকার হন বলে জানান মিলন।
এই বেহাল রাস্তা ধরে কিছুদূর এগোলে পড়বে দক্ষিণ হাজারীবাগের শেরেবাংলা রোড এলাকা।
এই রোড দিয়ে এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে নাকে ধাক্কা দেয় ট্যানারি কারখানার উৎপাদিত বর্জ্যের দুর্গন্ধ। রাস্তার দিকে তাকালে চোখে পড়ে থিক থিকে কাদা, দু পাশের নর্দমা থেকে উপচে পড়ছে ময়লা।
শেরেবাংলা রোড, থানা রোড এবং ট্যানারি মোড়ের অধিবাসী এবং হাজারীবাগ থানা পুলিশ এ জন্য ট্যানারি কারখানাগুলোকে দায়ী করেছেন, অন্যদিকে ট্যানারি মালিকরা দায়ী করেছেন সুইপারদের।
শেরে বাংলা রোডের বাসিন্দা মিরাজ হোসেন (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোটকাল থেইকা দেখতাছি এই অবস্থা….কী কমু! যে জায়গায় আমরা আছি, মাইনষে গরুরেও এর চেয়ে ভালো জায়গায় রাখে।”
একটি বেসরকারি সংস্থায় কর্মরত আয়শা সিদ্দিকা বলেন, “গত তিন বছর ধরে এই এলাকায় আছি। সকাল বেলায় ঘর থেকে বের হওয়ার সময় নাক চেপে বের হই, সন্ধ্যায় এলাকায় ঢোকার সময় আবার নাকচাপা দেই।”
হাজারীবাগ থানার ওসি কাজি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই এলাকার মূল সমস্যা পরিবেশ দূষণ। প্রধানত ট্যানারি কারখানাগুলোই এজন্য দায়ী।
ধানমন্ডির জিগাতলায় এবড়ো থেবড়ো এই সড়কে সামান্য বৃষ্টিতে স্থানে স্থানে জমে পানি আর এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। ছবি: আসিফ মাহমুদ অভি
ধানমন্ডির জিগাতলায় এবড়ো থেবড়ো এই সড়কে সামান্য বৃষ্টিতে স্থানে স্থানে জমে পানি আর এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। ছবি: আসিফ মাহমুদ অভি
এ বিষয়ে হাজারীবাগের সোনালী ট্যানারীর মালিক মো. শাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সবাই খালি আমাগোরে দোষ দেয়। সুইপার যে ড্রেন পরিষ্কার করে না- এই কথা কেউ কয় না। আমরা তো সুইপারগো কাছে জিম্মি হয়া রইছি। কখন আহে, কী করে, কিচ্ছু কয়া পারি না।”
তিনি জানান, ছোটো বড় মিলিয়ে হাজারীবাগে ট্যানারির সংখ্যা বর্তমানে সাড়ে তিনশ’র কিছু বেশি।
গত ২৬ বছর ধরে হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ২০০১ সালে উচ্চ আদালতের নির্দেশও রয়েছে।
ফাইভ স্টার ট্যানারির মালিক গোলাম মোস্তফা বলেন, “ সাভারে যাওয়ার (যে জায়গায় স্থানান্তরের কথা) বিষয়টা এখনও প্রক্রিয়াধীন আছে। সরকার থেইকা ক্লিয়ারেন্স পাইলেই আমরা চলে যাব।”
এই জনদুর্ভোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিগাতলার সড়কটি আমরা দেখব এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে। আমি নিজে খবর নেব।”
ট্যানারির বিষয়ে সরকারের উপরই ছেড়ে দিয়েছেন তিনি।
“ডিসিসির পক্ষ থেকে ট্যানরি মালিকদের বলা হয়েছে। তারা যদি সহযোগিতা না করেন, সে ক্ষেত্রে আসলে ডিসিসির পক্ষ থেকে কিছু করার নেই।”
