অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল
এক ম্যাচ বাকি থাকতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ছাড়াও বিএনপি চেয়ারপারসন।
রোববার নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই জয়ের ধারা আগামীতে অব্যাহত রাখবে।”
অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শুধু ক্রিকেটে নয়, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়।
ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও।
খালেদা জিয়া সব খেলোয়াড়ের সুস্বাস্থ্যও কামনা করেছেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান।
এছাড়া অভিনন্দন এসেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।
বুধবার তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার শেররা।
