ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
“প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।”
বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ ক্রিকেট দল।
