বাংলাদেশের জয়ে তারুণ্যের উল্লাস
ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে উন্মাতাল ক্রিকেটপ্রেমীরা।
উচ্ছাসের রঙ লেগেছিল মিরপুর স্টেডিয়াম পাড়া ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায়। খেলা শেষেই বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে মুখর হয়ে পড়ে নগরীর অলিগলি। আনন্দ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও।
সাব্বির রহমানের ব্যাট থেকে জয় সূচক রান আসার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি চত্বরে জমায়েত হতে শুরু করে।
এসময় তারা নেচে-গেয়ে, স্লোগানে জয়ের উৎসবে মেতে উঠে।
উৎসবের এই রঙিন ক্যানভাসকে আলোকিত করে তুলে লাল-সবুজ পতাকা। কেউবা পতাকা জড়িয়ে দিচ্ছিলেন স্লোগান।
বাংলা বিভাগের শিক্ষার্থী পিন্টু রঞ্জন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশ দৃঢ় আত্নবিশ্বাসের কারণেই আজকে আমরা জিতেছি।”
খেলার এই গতি ধরে রাখলে বাংলাওয়াশের প্রত্যাশাও করছেন তিনি।
কারো কারো প্রত্যাশা টাইগাররা তাদের ধারাবাহিকতা ধরে রেখে নতুন জয় উপভোগের সুযোগ করে দেবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিমন যেমন বললেন, “বাংলাদেশ প্রত্যাশার চেয়েও বেশি ভাল খেলেছে। আমরা দুর্বল দল নই, সেটা এই জয়ের মধ্য দিয়ে প্রমাণ হলো।”
