সিসিসির ডিপ্লোমাধারীদের পদোন্নতিতে বিএসসি প্রকৌশলীদের আপত্তি
সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চট্টগ্রাম সিটি করপোরেশন ১১ জন ডিপ্লোমা উপ-সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি তুলেছেন বিএসপি ডিগ্রিধারী প্রকৌশলীরা।
তাদের দাবি, তাদের পদোন্নতি দেওয়া হলে সরকারি নিয়মের ব্যত্যয় ঘটবে।
শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথের উপস্থিতিতে পদোন্নতি কমিটির সভায় ১১ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন করপোরেশনের সচিব রশিদ আহম্মেদ।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছে, তাই আমাদের তা পালন করতে হবে।”
১৯৮৯ সালে নিয়োগ পাওয়া ১১ জন উপ-সহকারী প্রকৌশল পদোন্নতি চেয়ে ২০১১ সালে একটি রিট করেন।
২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি তাদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত।
গত বছরের মার্চে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে করপোরেশন, যা গত ১৬ এপ্রিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি হাই কোর্টের আদেশ বাস্তবায়নে ৬০ দিন সময় বেঁধে দেয়।
রশিদ আহম্মেদ বলেন, “২০০১ সাল থেকে এই ১১ জন সহকারী প্রকৌশলীর চলতি দায়িত্বে আছেন। এখন ১১টি শূন্য পদ নেই, তাই পদোন্নতি হলেও পরে তা সমন্বয় করা হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুযায়ী সহকারী প্রকৌশলীর পদ রয়েছে ১৪টি। এরমধ্যে পাঁচটি পদ স্থায়ীদের দিয়ে পূরণ করা হয়েছে।
বাকি নয়টি শুন্য পদের বিপরীতে ১১ জনের পদায়ন কীভাবে হবে জানতে চাইলে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বলেন, “২০১১ সালের জনবল কাঠামোর একটি প্রস্তাব সংস্থাপন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ে আছে।
“সেখানে আমরা সিভিলের জন্য ২০ জন, যান্ত্রিক প্রকৌশলের জন্য পাঁচ ও ইলেকট্রিক্যালের জন্য চারটি সহকারী প্রকৌশলীর পদের প্রস্তাব করেছি। সেটার অনুমোদন পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না।”
সরকারি প্রতিষ্ঠানে বিএসসি ডিগ্রিধারীদের জন্য ৬৭ শতাংশ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ৩৭ শতাংশ পদ থাকে।
এই পদোন্নতি হলে সে নিয়মের ব্যত্যয় ঘটবে বলে মনে করছেন করপোরেশনের বিএসসি প্রকৌশলীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসসি প্রকৌশলী বলেন, ২০১১ সালের নভেম্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১৪টি পদের মধ্যে আটটি বিএসসি ও বাকি পদগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপ-সচিব সরোজ কুমার নাথকে সেই নির্দেশনার লিখিত কপি দেখানো হয়েছে বলেও জানিয়েছেন বিএসসি প্রকৌশলীরা।
এ বিষয়ে জানতে চাইলে সরোজ কুমার নাথ কোনো মন্তব্য করতে রাজি হননি।
