২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো প্রভাব খাটাচ্ছি না: পিনু খান

জোড়া খুনের মামলার গ্রেপ্তার ছেলে বখতিয়ার আলম রনিকে বাঁচাতে কোনো ধরনের প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন পিনু খান।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

“আমি আওয়ামী লীগের কর্মী বলেই কি আমাকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে,” বলেছেন ছেলের কর্মকাণ্ডে সমালোচনার মুখে থাকা সরকারদলীয় এই সংসদ সদস্য।

রাজধানীতে দুই মাস আগে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় পিনু খানের ছেলে রনি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগ সংসদ সদস্যের ছেলেকে বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এই অভিযোগ নাকচ করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তারা কোনো স্বজনপ্রীতি দেখাচ্ছেন না। 

গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠা পিনু খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই খানে আমাকে নিয়ে কেন সংবাদ হচ্ছে? আমি তো সবাইকে বলেছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি ন্যায়বিচার চাইছি।”

গত ১৩ এপ্রিল রাতে রাজধানী নিউ ইস্কাটনে রনির গুলিতে এক অটোরিকশা চালক এবং এক রিকশাচালক মারা যান বলে অভিযোগ উঠে।

যে গাড়িটিতে রনি ছিলেন, তার মালিক তার মা পিনু খান। তদন্তের স্বার্থে গাড়িটি জব্দ করার পরিকল্পনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পিনু খান বলেন, “আমার ৪০ দিন বয়সী নাতনি ৩ এপ্রিল থেকে এ্যাপোলো হাসপাতালে প্রথমে আইসিইউ ও পরবর্তীতে লাইভ সাপোর্টে ছিল। ১৫ এপ্রিল যেদিন মেয়েটি এ্যাপোলো হাসপাতালে মারা গেলে, সেদিনই রনির বিরুদ্ধে মামলা হল।”

রনির নিজস্ব অস্ত্রের লাইসেন্স ছিল। ঘটনার দিন তিনি মাতাল ছিলেন বলে গণমাধ্যমে এসেছে।

Image
পিনু খান ও তার ছেলে বখতিয়ার আলম রনি

পিনু খান ও তার ছেলে বখতিয়ার আলম রনি

অস্ত্রের লাইসেন্স থাকার কথা স্বীকার করলেও ছেলে সেদিন মাতাল ছিলেন কি না, সে প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পিনু খান।

তিনি বলেন, “মামলার বাদী এজাহারে লিখল, সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়েছে। তাহলে পুলিশ কিসের ভিত্তিতে কালো প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়ার কথা বলছে? এই প্রশ্ন তো কেউ করছে না।”

নিহত রিকশাচালক আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম ঘটনার দুদিন পর থানায় যে মামলা করেন, তাতে বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে তার ছেলে ও অটোরিকশাচালক ইয়াকুব আলী মারা যান।

তবে পরে তদন্তে পুলিশ জানতে পারে, সাদা মাইক্রোবাস নয়, সেটি ছিল কালো রঙের একটি প্রাডো গাড়ি এবং ওই গাড়িতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন।

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, “যারা প্রথমে এই হত্যার ঘটনায় মামলা করেছিল, তারা ঘটনাস্থলের পাশের লোকজনের মুখে শুনে সাদা মাইক্রোবাসের কথা লিখেছিলেন। পরে পুলিশ বিভিন্ন কৌশল প্রযোগ করে কালো প্রাডো গাড়িটির বিষয়ে জানতে পারে।”

তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ১ জুন গাড়িচালক ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও রনি দেননি।

এরপর পুলিশ রনিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে চার দিন রিমান্ডের আদেশ দেয় আদালত। তবে রনি ‘অসুস্থ’ হয়ে পড়লে তাকে রিমান্ডে নেওয়া যাচ্ছিল না বলে পুলিশ জানিয়েছিল, তখন এমপিপুত্রকে বাঁচাতে চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে।

এরপর গত ১৬ জুন রনিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়, বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।

পিনু খান বলেন, “বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে, আমি মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করছি। এই জাতীয় অভিযোগ একেবারেই সত্য নয়।

“আপনারা মামলার যিনি বাদী তাকে প্রশ্ন করুন যে আমি কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কি না। পুলিশের কর্মকর্তারা, যারা মামলা তদন্ত করছেন, তাদের কাছে জানতে চান, আমি কোনোভাবে তাদের প্রভাবিত করার চেষ্টা করছি কি না।”

ছাত্রলীগ থেকে ১৯৮৬ সালে মহিলা আওয়ামী লীগে যুক্ত হন পিনু খান। ২০০৩ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক হন। নবম সংসদের পর দশম সংসদেও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তিনি।

“আমি যে এতবার পুলিশের মার খেলাম, গ্রেপ্তার হলাম, তা তো আপনারা লিখছেন না,” সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পুরনো খবর:

‘সামান্য যানজটে পড়েই গুলি চালান সাংসদপুত্র রনি’
সাংসদপুত্রকে বাঁচিয়ে পুলিশের প্রতিবেদন!
পিনুপুত্রকে বাঁচাতে কোনো চেষ্টা হচ্ছে না: পুলিশ