মিয়ানমারের নাগরিকসহ দুই ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় মুক্তিপণের টাকা আদায় করতে এসে মিয়ানমারের এক নাগরিকসহ দুই ‘মানবপাচারকারী’ ধরা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়ার বরইতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার পরিদর্শক প্রভাষ চন্দ্র ধর জানান।
গ্রেপ্তাররা হলেন- বরইতলী ইউনিয়নের পাহাড়তলী এলাকার মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ মহিবুল্লাহ ওরফে নেজাম (৩৫) এবং উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বসবাসকারী মিয়ানমারের মংডু জেলার খুইল্যা মিয়ার ছেলে মোহাম্মদ শফি (৩৮)।
পরিদর্শক প্রভাষ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
তিনি বলেন, “মিয়ানমারের নাগরিক শফি কক্সবাজারের স্থানীয় লোকজন নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে মানবপাচার করতো। সে মুহিবুল্লাহর সহায়তায় বরইতলী এলাকার মোহাম্মদ ইউছুপ (২০) ও মঞ্জুর আলমকে (২৩) পাঁচ মাস আগে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করে।
“তাদের আটকে রাখার কথা জানিয়ে তারা আত্মীয়-স্বজনদের কাছ থেকে জনপ্রতি ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। পাচারের শিকার লোকজনের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই মুক্তিপণের টাকা নিতে আসলে তাদের গ্রেপ্তার করা হয়।”
