২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিতে গতি আনতে মামলা প্রত্যাহার চান নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কাজে গতিশীলতা আনতে নিয়োগ-পদোন্নতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের করা মামলা প্রত্যাহার চান নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 01:30 AM

Updated : 22 Aug 2022, 12:31 PM

শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের করা মামলা বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র এ আহ্বান জানান।

কর্মকর্তা-কর্মচারীরাই নিয়োগ, পদোন্নতি, স্থায়ীকরণসহ বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে বলে সভায় জানানো হয়।

সাবেক মেয়র মনজুর আলম ও সিসিসির সেসময়ের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শে এর মধ্যে কয়েকটি মামলা করা হয় বলে মামলাগুলোর বাদিরা জানান।

রাজস্ব বিভগের ২৬ জন কর্মকর্তা-কর্মচারী দুটি মামলা করার আগে তখনকার রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান মেয়র আ জ ম নাছিরের ‘অনুমতি’ নিয়েছিলেন বলে অনুষ্ঠানে জানান।

সভায় অন্য সব মামলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সিসিসির আইন কর্মকর্তা সরোয়ার-ই-আলমের করা দুই মামলা নিয়ে কথা হয়নি।

অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির বলেন, “সিটি করপোরেশনের মেয়র-সচিব-প্রধান নির্বাহী সবাইকে ডিঙ্গিয়ে মামলা করার এ প্রবণতা বিপজ্জনক। যে কোনো সমস্যায় কর্তৃপক্ষ আইন অনুসারে ব্যবস্থা নেয়। মামলা করা মানে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা।”

মামলাকারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, “স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বিধির ভিত্তিতে নিয়োগ-পদোন্নতি সব হবে। প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। কাউকে বঞ্চিত বা কারো অধিকারে হস্তক্ষেপ করতে চাই না।

“অন্য কারো জন্য যদি আমার দায়িত্ব পালন বাধাগ্রস্ত হয় তাহলে আমি অন্য রাস্তা বের করব। সেটা কারো জন্য শুভ হবে না। খোলাখুলি বলছি- আমার চাওয়ার বাইরে গিয়ে কেউ করপোরেশনে চাকরি করতে পারবেন না।”

নাছির বলেন, “মামলার কারণে সব বিভাগ কলাপস্‌ হয়ে গেছে। করপোরেশনকে গতিশীল করতে চাই। মামলা প্রত্যাহার করে নিন।”